
দুই দিনের রাষ্ট্রীয় সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ের কালীবাড়ী তাঁতিপাড়া এলাকার পৈতৃক বাসভবনে আছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ (সোমবার) সকাল ১০টার দিকে দেখা যায়, রাষ্ট্রপতিকে একনজর দেখতে এবং মানবিক সহায়তার আশায় তাঁর বাড়ির মূল ফটকের সামনে ভিড় জমিয়েছেন লোকজন।
দুই দিনের এ সরকারি সফরের দ্বিতীয় দিন আজ রাষ্ট্রপতি ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
সকালে তাঁতিপাড়া এলাকায় রাষ্ট্রপতির বাসভবনে দেখা যায়, সীমানা প্রাচীর ও উঁচু লোহার ফটকের বাইরের রাস্তায় অপেক্ষা করছেন বিভিন্ন বয়সের মানুষ। তাঁদের মধ্যে অনেকেই প্রবীণ, নারী ও দিনমজুর। বাড়িঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তার কড়াকড়ি থাকলেও নিজেদের প্রিয় মানুষটিকে একনজর দেখার ব্যাকুলতা নিয়ে ফটকের বাইরে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাঁদের।
স্থানীয় বাসিন্দারা জানান, অতীতে মন্ত্রী কিংবা দলীয় মহাসচিব পদে থাকাকালেও মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজ বাড়িতে এলে এভাবেই সাধারণ মানুষের সঙ্গে দেখা করতেন ও সাহায্য-সহযোগিতা করতেন। এবার দেশের সর্বোচ্চ পদে অধিষ্ঠিত হয়ে ফেরার পরও সাধারণ মানুষের আস্থা ও গভীর ভালোবাসায় কোনো ব্যাঘাত ঘটেনি।
বাড়ির ফটকের সামনে দাঁড়িয়ে থাকা ষাটোর্ধ্ব সালেহা বেগম বলেন, ‘আগে উনি যখনই বাড়িত আসতেন, আমরা এই গেটের সামনে দাঁড়াইতাম। উনি খোঁজখবর নিতেন, সাহায্য করতেন। আজ উনি দেশের রাষ্ট্রপতি হইছেন, তা-ও একনজর দেখতে আর চিকিৎসার একটু সাহায্যের কথা জানাতে আসছি।’
রাষ্ট্রপতিকে দেখতে আসা স্থানীয় দিনমজুর রফিকুল ইসলাম বলেন, ‘ফখরুল সাহেব সব সময় আমাদের বিপদে পাশে দাঁড়িয়েছেন। এখন নিরাপত্তা অনেক কড়া, তাও আমরা বাইরে দাঁড়িয়ে আছি। উনি বের হলে যদি আমাদের দিকে একবার তাকান বা কথা শোনেন, তবেই আমাদের আসা সার্থক।’
ফটকের সামনে অপেক্ষমাণ অবসরপ্রাপ্ত শিক্ষক জহুরুল হক বলেন, ‘আমাদের ঠাকুরগাঁওয়ের সন্তান আজ দেশের সর্বোচ্চ পদে। কাল সংবর্ধনায় তিনি যে ভালোবাসার কথা বলেছেন, তা আমাদের স্পর্শ করেছে। আজ তিনি বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন, যা আমাদের দীর্ঘদিনের স্বপ্ন ছিল। তাঁর হাত ধরে ঠাকুরগাঁওয়ের শিক্ষা ও কর্মসংস্থানের আমূল পরিবর্তন আসবে বলেই আমরা বিশ্বাস করি।’
সফরসূচি অনুযায়ী, আজ দুপুরে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে সফরের প্রথম দিন গতকাল রোববার বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয় বড় মাঠে আয়োজিত নাগরিক সংবর্ধনায় অংশ নেন তিনি।
.png)






