
গোপালগঞ্জে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এজলাসে শিক্ষানবিশ আইনজীবীকে পেপারওয়েট ছুড়ে মারার পর সেই বিচারককে বদলি করা হয়েছে। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সুজন মিয়াকে আইন ও বিচার বিভাগে সংযুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ (বিচার শাখা-১) থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়। উপসচিব (প্রশাসন-১) এ এফ এম গোলজার রহমান স্বাক্ষরিত ওই আদেশে মো. সুজন মিয়াকে অবিলম্বে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, সুপ্রিমকোর্টের পরামর্শ অনুযায়ী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সুজন মিয়াকে গোপালগঞ্জ থেকে বদলি করে আইন ও বিচার বিভাগের সংযুক্ত কর্মকর্তা (সিভিল জজ) হিসেবে পদায়ন করা হয়েছে।
এর আগে বুধবার (২২ জুলাই) এজলাসে বিচার কার্যক্রম চলাকালে শোরগোল শুরু হলে ক্ষুব্ধ হয়ে বিচারকের টেবিলে থাকা একটি পেপার ওয়েট ছুড়ে মারেন মো. সুজন মিয়া। এতে মাথায় আঘাত পান শিক্ষানবিশ আইনজীবী সাবিহা সুলতানা। এর প্রতিবাদে বৃহস্পতিবার সকালে গোপালগঞ্জ জেলা আদালত চত্বরে আইনজীবীরা মিছিল-সমাবেশ করে ওই বিচারকের অপসারণ ও শাস্তির দাবি জানান।
.png)







