আওয়ামী সংশ্লিষ্টতার অভিযোগে ব্যবসায়ীকে মারধর বিএনপি নেতার
স্ট্রিম সংবাদদাতানারায়ণগঞ্জ
-7fc388-480x270.webp)
নারায়ণগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগে সংশ্লিষ্টতার অভিযোগ তুলে এক ব্যবসায়ী নেতাকে মারধরের অভিযোগ উঠেছে বিএনপির এক নেতার বিরুদ্ধে। শনিবার (১২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে শহরের চাষাঢ়ায় সায়াম প্লাজার ‘হাইমুন কসমেটিকস’ দোকানে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় এখনো থানায় কোনো অভিযোগ করা হয়নি।
মারধরের ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, মহানগর বিএনপির সদস্যসচিব আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে কয়েকজন যুবক দোকানে ঢুকে হাসান ইমামকে চর-থাপ্পড় মারছেন।
৭০ বছর বয়সি হাসান ইমাম চাষাঢ়ার বাসিন্দা। তিনি জেলা দোকান মালিক সমিতির সহসভাপতি এবং সায়াম প্লাজা দোকান মালিক সমিতির সভাপতি। তাঁর ছোট ভাই মো. জুয়েল বলেন, ‘আমার বড় ভাই সরাসরি কোনো রাজনৈতিক দলের কর্মী কিংবা নেতা নন। তাঁকে মিথ্যা অভিযোগ তুলে মারধর করা হয়েছে।’
হাসান ইমামের ছেলে হাইমুন হাসানের অভিযোগ, ‘তারা আমার বয়স্ক বাবাকে তারা মারধর করেছেন। এতে তিনি অসুস্থ হয়ে পড়লে রাতেই তাঁকে ঢাকার একটি হাসপাতালে নেওয়া হয়। শারীরিক অবস্থা কিছুটা ভালো হলে সকালে তাঁকে বাড়িতে আনা হয়েছে। এ ঘটনায় আমরা আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছি।’
তবে অভিযোগ অস্বীকার করে আবু আল ইউসুফ খান টিপু বলেন, হাসান ইমাম কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সরাসরি কোনো কমিটির সদস্য না হলেও তিনি আজমেরী ওসমান ও শাহ নিজামের ঘনিষ্ঠ লোক। তিনি দলটির নারায়ণগঞ্জে একটি আরেকটি মিছিল আয়োজনের জন্য অর্থায়ন করেছিলেন।
টিপু বলেন, ‘এমন খবর পেয়ে আমি কয়েকজনকে নিয়ে দোকানে গিয়েছিলাম। সেখানে উত্তেজনাবশত কয়েকজন তাঁকে চর-থাপ্পড় দিয়েছে, এটা সত্য। কিন্তু আমিই তাদের আবার থামিয়েছি।’
তবে টিপুর এসব অভিযোগ অস্বীকার করেছেন হাসান ইমামের পরিবারের সদস্যরা।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি সাজেদুর রহমান বলেন, ‘মারধরের ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছি। এ ব্যাপারে কেউ লিখিত অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
.png)
-7c29dd-256x144.webp)


-496321-256x144.webp)


-beb2b3-256x144.webp)