ধামরাইয়ে বাসাবাড়িতে গ্যাসের দাবিতে মহাসড়ক অবরোধ, দীর্ঘ যানজট

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
সাভার (ঢাকা)

প্রকাশ : ০৬ জুলাই ২০২৬, ১৪: ৫৫
ঢাকার ধামরাইয়ের বাসাবাড়িতে গ্যাসের দাবিতে সড়ক অবরোধ করেন গ্রাহকেরা। স্ট্রিম ছবি
ঢাকার ধামরাইয়ের বাসাবাড়িতে গ্যাসের দাবিতে সড়ক অবরোধ করেন গ্রাহকেরা। স্ট্রিম ছবি

ঢাকার ধামরাইয়ে বাসাবাড়িতে গ্যাসের পর্যাপ্ত সরবরাহের দাবিতে কয়েক ঘণ্টা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয়রা। সোমবার (৬ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কালামপুর এলাকায় এ কর্মসূচি শুরু হয়। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে প্রশাসনের আশ্বাসে দুপুর ১২টার দিকে অবরোধ তুলে নেন বিক্ষুব্ধরা।

গ্রাহকদের দাবি, আবাসিক লাইনে পর্যাপ্ত গ্যাস সরবরাহ নিশ্চিত না হওয়া পর্যন্ত তাঁদের গ্যাস বিল মওকুফ করতে হবে। পাশাপাশি ব্যবহারভিত্তিক বিল আদায়ের জন্য আবাসিক সংযোগে গ্যাসের মিটার স্থাপনেরও দাবি জানান তারা।

অবরোধে অংশ নেওয়া লোকজন জানান, প্রায় দুই বছর ধরে ধামরাই উপজেলার গোয়ালদী, বাটুলিয়া, মহিশাষী, কাওয়ালীপাড়া থেকে পার্শ্ববর্তী জেলার মানিকগঞ্জের সাটুরিয়া পর্যন্ত তিতাস গ্যাসের আবাসিক গ্রাহকেরা পর্যাপ্ত গ্যাস পাচ্ছেন না। অধিকাংশ সময় চুলায় আগুন জ্বলে না। এতে বাধ্য হয়ে রান্নার জন্য এলপিজি সিলিন্ডার ও কাঠসহ বিকল্প জ্বালানি ব্যবহার করতে হচ্ছে। অপর দিকে গ্যাস না পেলেও নিয়মিত বিল পরিশোধ করতে হচ্ছে তাদের।

ধামরাইয়ের গ্যাসের দাবিতে ফেস্টুন নিয়ে সড়ক অবরোধ। স্ট্রিম ছবি
ধামরাইয়ের গ্যাসের দাবিতে ফেস্টুন নিয়ে সড়ক অবরোধ। স্ট্রিম ছবি

অবরোধে অংশ নেওয়া কালামপুর এলাকার গৃহবধূ সুলতানা বেগম বলেন, তাদের দাবি, বাসায় পর্যাপ্ত গ্যাস দিতে হবে। সেই সঙ্গে যত দিন গ্যাস পাননি, তত দিনের বিল মওকুফ করতে হবে।

শাহানা আক্তার নামে আরেক গ্রাহক বলেন, ‘আমার ছেলে ক্লাস সিক্সে পড়ে, স্বামী চাকরি করেন। সকালে আমরা ঠিকমতো রান্না করতে পারিনি, তাই খেতেও পারিনি।’

এদিকে, আন্দোলন চলাকালে কালামপুর বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে অবস্থিত ডিস্ট্রিক্ট রেগুলেটিং স্টেশনে (ডিআরএস) গিয়ে তিতাস গ্যাস কর্তৃপক্ষের কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন স্থানীয় গ্রাহকেরা। এতে বলা হয়, ডিআরএস থেকে সরবরাহ করা ওই লাইনে পর্যাপ্ত চাপ না থাকায় আবাসিক গ্রাহকেরা গ্যাস পাচ্ছেন না। অপর দিকে স্টেশনের পূর্ব পাশে থাকা একটি রি-রোলিং মিল ও কালামপুর বিসিক শিল্পনগরী সংলগ্ন একটি সিরামিক কারখানা অবৈধভাবে বুস্টার ব্যবহার করে অতিরিক্ত গ্যাস টেনে নেওয়া হচ্ছে। এতে আবাসিক এলাকায় গ্যাসের সংকট তীব্র হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট শিল্পপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে যোগাযোগ করা হলে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দিতে রাজি হয়নি কেউ।

ধামরাইয়ে গ্যাসের দাবিতে অবরোধ করায় ঢাকা-আরিচা মহাসড়কে দীর্ঘ যানজট। স্ট্রিম ছবি
ধামরাইয়ে গ্যাসের দাবিতে অবরোধ করায় ঢাকা-আরিচা মহাসড়কে দীর্ঘ যানজট। স্ট্রিম ছবি

এদিকে, মহাসড়ক অবরোধের কারণে ঢাকা-আরিচা মহাসড়কের উভয় দিকে কয়েক কিলোমিটার জুড়ে যানবাহনের সারি তৈরি হয়। এতে ক্ষোভ প্রকাশ করেন অনেক যাত্রী। পরে প্রশাসনের আশ্বাসে যানচলাচল স্বাভাবিক হতে শুরু করে।

মানিকগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়া শাহীনুর ইসলাম বলেন, দুই-তিন ঘণ্টা ধরে কয়েকজন মানুষ সড়ক অবরোধ করে রেখেছেন। এতে সাধারণ মানুষ দুর্ভোগে পড়েছেন। কিন্তু প্রশাসনেরও কাউকে দেখা যাচ্ছে না।

খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল মামুন। এ সময় সেখানে ধামরাই থানা ও গোলড়া হাইওয়ে থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। অবরোধকারীদের উদ্দেশ্যে ইউএনও বলেন, বিষয়টি তিতাস গ্যাস কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সমাধানে উদ্যোগ নেবেন। এমন আশ্বাসে বেলা ১২টার দিকে বিক্ষুব্ধরা অবরোধ তুলে নেয়।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত