ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের সঙ্গে গ্রাহক ফোরামের সংঘর্ষ

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহক ফোরামের সদস্যদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। সংগৃহীত ছবি
ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহক ফোরামের সদস্যদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। সংগৃহীত ছবি

রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহক ফোরামের সদস্যদের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে। এতে অন্তত ২৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম।

সোমবার সকালে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে যোগ্য ও পেশাদার ব্যক্তিদের সমন্বয়ে পরিচালনা পর্ষদ গঠন এবং এস আলমের হস্তক্ষেপের প্রতিবাদে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের আয়োজন করা হয়।

গ্রাহক ফোরামের পক্ষ থেকে অভিযোগ করা হয়, কর্মসূচি শুরু হওয়ার পর আগে থেকে সেখানে থাকা অবৈধ নিয়োগে চাকরিচ্যুত এস আলমের দোসররা ব্যাংকের শেয়ারহোল্ডার ও গ্রাহকদের ওপর হামলা চালান।

সচেতন গ্রাহক ফোরামের সভাপতি নুর উন নবী মানিক দাবি করেন, তাদের অন্তত ৩০ জন আহত হয়েছেন।

অন্যদিকে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে শহিদুল ইসলাম দাবি করেন, তাদের ২০ থেকে ২৫ জন আহত হয়েছেন। তাদের কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছেন। তিনি বলেন, ‘আমরা দ্বিতীয় দিনের মতো ব্যাংকের সামনে অবস্থান কর্মসূচি পালন করছিলাম। সেখানে আসার প্রায় ২০ মিনিটের মধ্যে গ্রাহক ফোরামের সদস্যরা আমাদের ওপর হামলা চালান।’

বেলা দেড়টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের সহকারী পুলিশ কমিশনার (মতিঝিল জোন) মো. সাকিবুল আলম ভূইয়া স্ট্রিমকে বলেন, দুই পক্ষের মধ্যে উত্তেজনা হয়েছিল। চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা এখনো অবস্থান নিয়ে রেখেছেন। গ্রাহক ফোরামের সদস্যরা এখানে নেই। পরিস্থিতি স্বাভাবিক আছে।

সংবাদ সম্মেলন করে গ্রেপ্তারের দাবি

সোমবার দুপুরে মতিঝিল ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে সংবাদ সম্মেলন করে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানায় ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। এতে গ্রাহক ফোরামের নেতারা ছাড়াও ব্যাংকের শেয়ারহোল্ডার ও গ্রাহকেরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে নুর নবী মানিক বলেন, ‘কর্মসূচি শুরু হওয়ামাত্রই ওত পেতে থাকা এস আলমের দোসর যাদের অবৈধ নিয়োগের কারণে চাকরিচ্যুত হয়েছে তারা ব্যাংকের শেয়ারহোল্ডার ও গ্রাহকদের ওপর হামলা চালায়। এতে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের সহসভাপতি মোতাছিম বিল্লাহসহ অন্তত ২৫ জন আহত হয়েছে।’

তিনি বলেন, এই ন্যক্কারজনক সন্ত্রাসী হামলা কেবল অবৈধ নিয়োগে চাকরিচ্যুতরা করেনি বরং এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের সহযোগী সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ এবং যুবলীগ।

সিসিটিভি ও গণমাধ্যমকর্মীদের ধারণ করা ভিডিও ফুটেজ দেখে সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে তিনি সরকারের প্রতি আহ্বান জানান।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত