ময়মনসিংহ হাসপাতালে হামের উপসর্গে এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ৩৪

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
ময়মনসিংহ

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ১৩: ৪৭
মমেক হাসপাতালে হামের উপসর্গে ভর্তি শিশুকে নিয়ে উদ্বিগ্ন তার বাবা-মা। স্ট্রিম ছবি

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে তিন মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। নতুন করে ভর্তি হয়েছে আরও ৩৪ শিশু। রোববার (১৯ এপ্রিল) সকাল ৮টা থেকে পূর্ববর্তী ২৪ ঘণ্টায় হামের পরিস্থিতি নিয়ে এই তথ্য জানিয়েছে কর্তৃপক্ষ।

গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ৭২টি শিশু ছাড়া পেয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৭৮টি শিশু।

হাসপাতালে হাম ওয়ার্ডে চিকিৎসা সংশ্লিষ্টরা জানিয়েছেন, কিশোরগঞ্জ সদর উপজেলা থেকে তিন মাস বয়সি শিশুটিকে হামের উপসর্গ নিয়ে ৯ এপ্রিল মমেক হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার (১৮ এপ্রিল) দুপুর সোয়া একটার দিকে শিশুটির মৃত্যু হয়।

মমেক হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খান জানান, গত ১৭ মার্চ থেকে আজ রোববার সকাল পর্যন্ত হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬১১টি শিশু। তাদের মধ্যে হাসপাতাল থেকে ৫১৯টি শিশু ছাড়া পেয়েছে। মারা গেছে ১৪টি শিশু। এখানে বর্তমানে ৭৮টি শিশু চিকিৎসাধীন রয়েছে।

Ad 300x250

সম্পর্কিত