চট্টগ্রামে হামলার জেরে ইন্টারনেট বন্ধের হুঁশিয়ারি আইএসপিএবির

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা

প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ২২: ০৬
সংবাদ সম্মেলনে আইএসপিএবি ৪ দাবি উত্থাপন করে। সংগৃহীত ছবি
সংবাদ সম্মেলনে আইএসপিএবি ৪ দাবি উত্থাপন করে। সংগৃহীত ছবি

চট্টগ্রামে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ডিজিটাল ডট নেটের (ডিডিএন) কার্যালয়ে হামলায় জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)। অন্যথায় পুরো চট্টগ্রাম বিভাগে ইন্টারনেট সেবা বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে আইএসপিএবি এই আলটিমেটাম দেয়।

সংগঠনটির চট্টগ্রাম বিভাগের আহ্বায়ক রাজিব শাহরিয়ার রুবেন্স বলেন, ‘ডিডিএন কার্যালয়ে হামলা কোনো একক প্রতিষ্ঠানের ওপর হামলা নয়; এটি পুরো ইন্টারনেট সেবা খাতের নিরাপত্তার জন্য হুমকি। এমন ঘটনার পুনরাবৃত্তি হলে দেশের ডিজিটাল অবকাঠামো, ব্যবসা-বাণিজ্য ও জনসেবা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।’

তিনি আরও বলেন, দেশের বিভিন্ন স্থানে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলো নিয়মিত চাঁদাবাজি, হুমকি ও হয়রানির শিকার হচ্ছে। বর্তমান সময়ে অর্থনীতি, প্রশাসন, ব্যাংকিং, স্বাস্থ্যসেবা ও সরকারি-বেসরকারি নানা সেবা ইন্টারনেটনির্ভর হওয়ায় এই অবকাঠামোর ওপর হামলা দেশের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করার শামিল।

সংবাদ সম্মেলনে আইএসপিএবি উত্থাপিত চার দফা দাবি হচ্ছে—ডিডিএন কার্যালয়ে হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত করে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা। একসঙ্গে দেশের সব আইএসপি প্রতিষ্ঠান ও নেটওয়ার্কের নিরাপত্তা জোরদার করা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের দ্রুত তদন্ত করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া। এছাড়া ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত উদ্যোগ গ্রহণ।

সংবাদ সম্মেলন শেষে প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে অংশ নেন চট্টগ্রামের বিভিন্ন ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীরা।

গত সোমবার (১৩ জুলাই) ডিডিএনের ব্যবস্থাপনা পরিচালক আদিল বিন মামুন সাংবাদিকদের জানান, গত ১১ জুলাই একটি বিদেশি নম্বর থেকে নিজেকে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী পরিচয় দিয়ে মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন তাঁকে ফোন করেন। এ সময় এককালীন ২ কোটি টাকা এবং প্রতি মাসে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন ইমন। চাঁদা না দিলে ব্যবসা বন্ধ করে দেওয়ার হুমকি দেন। ওই হুমকির দুই দিন পর সোমবার দুপুরে চন্দনপুরা-বাকলিয়া এক্সেস সড়কে ডিডিএনের কার্যালয়ে একদল ব্যক্তি হামলা চালিয়ে ভাঙচুর করে এবং নগদ অর্থ লুট করে।

আদিল মামুন জানান, এ ঘটনায় ডিডিএন কর্তৃপক্ষ চকবাজার থানায় অজ্ঞাত ৩০ থেকে ৪০ জনের বিরুদ্ধে মামলা করেছে।

মামলার বিষয়ে পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণসহ বিভিন্ন তথ্য-উপাত্তের ভিত্তিতে অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত