রাষ্ট্রীয় সম্পদ ছাড়াই শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকী পালিত হয়েছে: মাহদী আমিন

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ০১ জুন ২০২৬, ১৯: ৫০
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। সংগৃহীত ছবি

রাষ্ট্রীয় সম্পদ ব্যবহার ছাড়াই বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখপাত্র মাহদী আমিন। সোমবার (১ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

মাহদী আমিন বলেন, ফ্যাসিবাদী সরকারের আড়ম্বর রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে এসে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কর্মসূচি পালন করেছে বর্তমান সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় কোনো সরকারি কর্মকর্তা-কর্মচারীকে অনুষ্ঠানে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়নি। শিক্ষার্থীদের রোদে দাঁড়িয়ে থাকতে বাধ্য করা হয়নি এবং রাষ্ট্রীয় অর্থ অপচয়ের সুযোগ দেওয়া হয়নি।

তিনি দাবি করেন, অতীতে বিভিন্ন দিবস উদযাপনের নামে অর্থ আদায়ের যে অভিযোগ ছিল, বর্তমান সরকার তা বন্ধ করেছে।

ঈদুল আজহায় সরকারের নেওয়া পদক্ষেপগুলো তুলে ধরে মাহদী আমিন জানান, তৈরি পোশাক খাতসহ বিভিন্ন শিল্পের শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা ও বোনাস পরিশোধ নিশ্চিতে ব্যাংক ও মালিকপক্ষের সঙ্গে কাজ করেছে সরকার। পশুর বাজারে শৃঙ্খলা ফেরাতে সীমান্তে অবৈধ গবাদিপশু প্রবেশ রোধে নজরদারি ছিল। তিনি বলেন, ‘১ কোটি ১ লাখ পশুর সম্ভাব্য চাহিদার বিপরীতে ১ কোটি ২৩ লাখ পশু প্রস্তুত ছিল।’

তবে সরবরাহ বেশি থাকায় অনেক প্রান্তিক খামারি আশানুরূপ মূল্য পাননি স্বীকার করে মাহদী আমিন জানান, ভবিষ্যতে খামারিদের স্বার্থ রক্ষায় আরও কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

ঈদযাত্রা জনবান্ধব করতে সরকারের পদক্ষেপের কথা জানিয়ে মাহদী আমিন বলেন, প্রথমবার রেলওয়ে ও মেট্রোরেলে নারীদের সংরক্ষিত কোচ এবং প্রবীণ ও প্রতিবন্ধীদের ভাড়ায় বিশেষ ছাড় দেওয়া হয়েছে। বসিলা ও কাঞ্চন ব্রিজ এলাকায় নতুন দুটি লঞ্চঘাট চালুর ফলে সদরঘাটের ওপর থেকে ট্রাফিকের চাপ অনেক কমেছে। পশুবাহী ট্রাকে চাঁদাবাজি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত ছিল।

ঈদে সড়ক দুর্ঘটনায় বিশেষ করে টাঙ্গাইলে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করে তিনি জানান, নিরাপদ সড়ক নিশ্চিত করতে আরও কঠোর পদক্ষেপ নেবে সরকার।

মাহদী আমিন আরও বলেন, ‘টানা ১৬ বছরের স্বৈরাচারী শাসনে তৈরি হওয়া প্রাতিষ্ঠানিক সংকট ও অব্যবস্থাপনা তিন মাসে দূর করা সম্ভব নয়। তবে রাষ্ট্র যে জনগণের প্রতি সংবেদনশীল এবং প্রশাসন জনসেবামুখী ভূমিকা পালন করছে, মানুষ তা অনুধাবন করতে শুরু করেছে।’

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, স্পিচ রাইটার এস এম মাহফুজুর রহমান এবং উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি উপস্থিত ছিলেন।

সম্পর্কিত