
লিথুয়ানিয়ায় কাজের আশায় নেপাল ঘুরে দেশে ফিরে এসেছেন ছয় তরুণ। এই কাহিনী কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বাংলাদেশের গভীর সামাজিক ও অর্থনৈতিক সংকটের প্রতিচ্ছবি এই ছয় তরুণ। দেশে কর্মসংস্থানের সীমাবদ্ধতা, উন্নত জীবনের আকাঙ্ক্ষা এবং দেশের বাইরে গিয়ে এই জীবন থেকে মুক্তি পাওয়ার প্রবল বাসনাকে পুঁজি করে প্রতিনিয়ত সক্রিয় হয়ে উঠছে প্রতারক চক্র। ফলাফল—ভিটেমাটি বিক্রি, ঋণের বোঝা, জীবনের কয়েকটি মূল্যবান বছর হারিয়ে যাওয়া।
এই আকুলতার পেছনে ব্যক্তিগত স্বপ্নের সঙ্গে জড়িয়ে আছে রাষ্ট্রীয় বাস্তবতা। দেশের বিপুলসংখ্যক শিক্ষিত, অশিক্ষিত ও অদক্ষ তরুণ মনে করেন, দেশে তাদের জন্য সম্মানজনক আয় ও ভবিষ্যৎ নিশ্চিত করার সুযোগ সীমিত। তাই ইউরোপে পৌঁছানোর আশায় তারা বৈধ-অবৈধ নানা পথের ঝুঁকি নিতেও দ্বিধা করেন না। কেউ দালালের প্রতারণার শিকার হন। কেউ ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে প্রাণ হারান। আবার কেউ ভুয়া চাকরির প্রলোভনে বিদেশে গিয়ে মানবপাচারের শিকার হন। এমনকি সাম্প্রতিক বছরগুলোতে প্রতারণার মাধ্যমে বিদেশে নিয়ে গিয়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অংশ নিতে বাধ্য হওয়ার ঘটনাও সামনে এসেছে। প্রতিটি ঘটনাই একই সংকটের ভিন্ন ভিন্ন রূপ।
এই দুষ্টচক্র কেন বারবার সফল হচ্ছে? কারণ প্রতারণার সুযোগ তৈরি করে দিচ্ছে মানুষের অসহায়ত্ব। যখন দেশে নিরাপদ ও টেকসই কর্মসংস্থানের সুযোগ সীমিত থাকে, তখন বিদেশের স্বপ্ন অনেকের কাছে যুক্তির চেয়ে বড় হয়ে ওঠে। প্রতারকেরা সেই স্বপ্নকেই পণ্যে পরিণত করে।
এই পরিস্থিতি মোকাবিলায় প্রথম প্রয়োজন কঠোর আইন প্রয়োগ। বিদেশে কর্মী পাঠানোর নামে প্রতারণার অভিযোগ দ্রুত তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। লাইসেন্সধারী রিক্রুটিং এজেন্সিগুলোর কার্যক্রমে কঠোর নজরদারি, ভুয়া ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে নিয়মিত অভিযান এবং ক্ষতিগ্রস্তদের জন্য দ্রুত প্রতিকার নিশ্চিত করা জরুরি।
কিন্তু আইন প্রয়োগই যথেষ্ট নয়। অবিলম্বে দেশব্যাপী সচেতনতামূলক প্রচার শুরু করতে হবে। গণমাধ্যম, সামাজিক যোগাযোগমাধ্যম, স্থানীয় প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান এবং ইউনিয়ন পর্যায় পর্যন্ত মানুষকে জানাতে হবে—বৈধ অভিবাসনের পথ কী, কোন কাগজপত্র যাচাই করা প্রয়োজন এবং প্রতারণার সাধারণ কৌশলগুলো কী। বিদেশযাত্রার আগে সরকারি তথ্যকেন্দ্র ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে তথ্য যাচাইয়ের সংস্কৃতি গড়ে তুলতে হবে।
সবচেয়ে বড় কথা, দীর্ঘমেয়াদে এই সংকটের সমাধান দেশের ভেতরেই। উৎপাদন, শিল্প, প্রযুক্তি ও দক্ষতাভিত্তিক খাতে পর্যাপ্ত কর্মসংস্থান সৃষ্টি করতে না পারলে বিদেশমুখী এই মরিয়া প্রবণতা কমবে না। তরুণদের যদি নিজের দেশেই মর্যাদাপূর্ণ জীবন ও জীবিকার বাস্তব আশা তৈরি করা যায়, তবে প্রতারকেরা আর সহজে তাদের স্বপ্নকে পুঁজি করতে পারবে না।
বৈধ অভিবাসন বাংলাদেশের অর্থনীতির অন্যতম শক্তি। কিন্তু সেই স্বপ্ন যেন আর প্রতারণা, মানবপাচার কিংবা মৃত্যুর ফাঁদে পরিণত না হয়। এই দায়িত্ব রাষ্ট্রের, আইন প্রয়োগকারী সংস্থার এবং সমাজের।
.png)

কিছুদিন পরপর খেলাপি ঋণের যে পরিস্থিতি সামনে আসছে, তাতে জনমনে উদ্বেগ বাড়ছে আরও। পরিস্থিতির উন্নতি ঘটাতে কেন্দ্রীয় ব্যাংকের সক্রিয়তা নেই, তা নয়। তবে ‘উদার’ নীতি সহায়তায়ও খেলাপি ঋণ পরিস্থিতির উন্নতি হচ্ছে না। নতুন ধারায় পরিস্থিতি মোকাবিলা প্রয়োজন বলেও মনে হচ্ছে।
০৩ সেপ্টেম্বর ২০২৬
আটা-ময়দা ও চিনির দাম বাড়ার খবরের পাশাপাশি বাজারে সয়াবিন তেলের সরবরাহে ঘাটতির কথা জানা যাচ্ছিল। তাতে আশঙ্কা করা হচ্ছিল এর দাম আনুষ্ঠানিকভাবে বাড়ার। দাম বৃদ্ধির এ প্রক্রিয়া দেখতে দেখতে ক্রেতারা অভ্যস্ত। তারা অবশেষে খবর পেলেন বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৫ টাকা বাড়ানোর। উৎপাদকরা নাকি আরও বেশি দাম
০২ সেপ্টেম্বর ২০২৬
সরকারি কর্মচারি ও পেনশনারদের জন্য নতুন পে-স্কেলের বাস্তবায়ন শুরু করে দীর্ঘ অচলাবস্থার অবসান ঘটাল সরকার। ২০১৫ সালের পর থেকে কোনো সুনির্দিষ্ট কাঠামোয় তাদের বেতন বাড়েনি; যদিও গত চার বছর ধরে উচ্চমাত্রার মূল্যস্ফীতি চলমান। বেসরকারি খাতের কয়েকগুণ বেশি মানুষকেও একই পরিস্থিতি মোকাবিলা করতে হচ্ছে।
০১ সেপ্টেম্বর ২০২৬
বগুড়া থেকে চোখের চিকিৎসা করাতে রাজধানীতে এসেছিলেন স্কুলশিক্ষক রনজিনা পারভিন। ভোরবেলা রিকশায় করে যাওয়ার পথে ছিনতাইকারী ব্যাগ ধরে টান দিলে রাস্তায় পড়ে মারা যান তিনি। ঘটনাটি ঘটে জাতীয় সংসদ ভবন এলাকায়। এর আগে একই ধরনের ছিনতাইয়ের ঘটনায় প্রাণ গেছে সোহেলি ইসলাম ও মুক্তা আক্তার নামের দুই নারীর।
৩১ আগস্ট ২০২৬