৫ আগস্ট বায়তুল মোকাররমে ১১ দলীয় ঐক্যের গণসমাবেশ

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক। সংগৃহীত ছবি

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস সংকট ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে ৫ আগস্ট বায়তুল মোকাররমে গণসমাবেশের ডাক দিয়েছে ১১ দলীয় ঐক্য। সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে জামায়াত-এনসিপি নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

বৈঠক শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৫ আগস্ট বুধবার সকাল ১০টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে ১১ দলীয় ঐক্যের এই গণসমাবেশ হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নিত্যপ্রয়োজনীয় পণ্যের আকাশচুম্বী মূল্যবৃদ্ধি, গ্যাস সংকট, বিদ্যুতের ভুতুড়ে বিল এবং সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদসহ জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে এই সমাবেশ হবে। বুধবারের এই গণসমাবেশ থেকেই পরবর্তী চূড়ান্ত আন্দোলনের কর্মসূচি ঘোষণা হবে।

পরদিন ৬ আগস্ট সকাল ১১টায় রাজধানীর মুক্তাঙ্গনে ১১ দলীয় ঐক্য অবস্থান কর্মসূচি পালন করবে। কর্মসূচি শেষে সচিবালয়ে স্মারকলিপি দেওয়া হবে।

পাশাপাশি ওই দিনই দেশের সব মহানগরী ও জেলাগুলোতে বিদ্যুৎ ও গ্যাস অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে।

জামায়াত আমির শফিকুর রহমানের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমির মাওলানা আবদুল কাইয়ুম সুবহানী, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ।

বৈঠকে আরও অংশ নেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মুস্তাফিজুর রহমান ইরান, জাগপার সহসভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, এনসিপির সদস্যসচিব আখতার হোসেন এমপি ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট এ কে এম আনোয়ারুল ইসলাম চান, নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার, খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দিন, জাগপার মহাসচিব অধ্যাপক ইকবাল হোসাইন, এবি পার্টির যুগ্ম মহাসচিব আব্দুল্লাহ আল মামুন, এলডিপির মহাসচিব বেলাল হোসেন সিরাজী এবং লেবার পার্টির মুখপাত্র মো. নাজমুল ইসলাম তালুকদারসহ জোটভুক্ত দলগুলোর শীর্ষ নেতারা।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত