‘গুপ্ত’ বিতর্কে মুখোমুখি ছাত্রদল-শিবির, ক্যাম্পাসে ক্যাম্পাসে উত্তাপ

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ২২: ৩০
চবিতে দেয়ালে ‘গুপ্ত’ লেখা নিয়ে ছাত্রদল-শিবিরের সংঘর্ষের জেরে দেশের বিভিন্ন ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্ট্রিম গ্রাফিক

‘গুপ্ত রাজনীতির’ অভিযোগ তুলে এর বিরুদ্ধে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দেয়াললিখনসহ নানা কর্মসূচি পালন করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা। মূলত ইসলামী ছাত্রশিবিরকে ইঙ্গিত করে তাদের রাজনৈতিক কার্যক্রমকে ‘গুপ্ত’ আখ্যা দিয়ে এ কর্মসূচি পালন করা হচ্ছে।

মঙ্গলবার (২‌১ এপ্রিল) চট্টগ্রামের একটি কলেজে ‘গুপ্ত’ লেখা নিয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের জেরে আজ বুধবার (২২ এপ্রিল) দিনভর ঢাকা, রাজশাহী, সিলেটসহ দেশের বিভিন্ন ক্যাম্পাসে প্রতিবাদী দেয়াললিখন ও পাল্টাপাল্টি কর্মসূচির ঘটনা ঘটেছে। কোথাও কোথাও এসব কর্মসূচি ঘিরে বিতর্ক ও উত্তেজনা সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার চট্টগ্রামের সরকারি সিটি কলেজে ছাত্রদল এবং ছাত্রশিবিরের মধ্যে দিনভর দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। কলেজ সূত্রে জানা যায়, ক্যাম্পাসের দেয়ালে একটি গ্রাফিতিতে লেখা ছিল—‘ছাত্ররাজনীতি ও ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস’। সোমবার রাতে কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা সেখানে গিয়ে ‘ছাত্র’ শব্দটি মুছে দিয়ে এর পরিবর্তে ‘গুপ্ত’ লিখে দেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দেয়াললিখন। ছবি: সংগৃহীত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দেয়াললিখন। ছবি: সংগৃহীত

এই ‘গুপ্ত রাজনীতি’ লেখাকে কেন্দ্র করে সেদিন সকালে ও বিকেলে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয় এবং কলেজের অভ্যন্তরীণ ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করে প্রশাসন।

এ ঘটনার পর রাতেই কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে শিবিরের বিরুদ্ধে হামলার অভিযোগ আনা হয়। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এক যৌথ বিবৃতিতে বলেন, ‘ফ্যাসিবাদী শাসন কাটিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর জামায়াত-শিবিরের গুপ্ত রাজনীতির কূটকৌশল সম্পর্কে শিক্ষার্থীরা সচেতন হয়ে উঠছে। এ অবস্থায় শিক্ষাঙ্গনে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা হিসেবে ছাত্রশিবির সহিংস কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে।’ তারা দেশব্যাপী শিক্ষাঙ্গনে গুপ্ত অপরাজনীতির বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলার আহ্বান জানান।

কেন্দ্রীয় এই আহ্বানের পরই বুধবার দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দেয়াললিখন কর্মসূচি শুরু করে ছাত্রদল।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দেয়াললিখন। স্ট্রিম ছবি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দেয়াললিখন। স্ট্রিম ছবি

ঢাবি ও জবিতে ‘গুপ্ত রাজনীতি’র বিরুদ্ধে স্লোগান

চট্টগ্রামের ঘটনার জেরে বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডাকসু ভবন, মধুর ক্যান্টিন, ডাকসু ক্যাফেটেরিয়া ও সূর্যসেন হলসহ বিভিন্ন স্থানে ‘গুপ্ত রাজনীতি’র বিরুদ্ধে দেয়াললিখন করেছে ছাত্রদল।

এসব লেখায় ‘গুপ্ত রাজনীতি নিপাত যাক’, ‘গুপ্ত রাজনীতি ও ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস চাই’, ‘গুপ্ত যাদের অবস্থান, তাদের বাড়ি পাকিস্তান’ ইত্যাদি স্লোগান লেখা হয়।

সূর্যসেন হল ছাত্রদলের সদস্যসচিব আবিদুর রহমান বলেন, ‘শান্তিপূর্ণ গ্রাফিতি কর্মসূচিতে ছাত্রদলের ওপর শিবিরের ন্যাক্করজনক হামলা গণতান্ত্রিক চর্চার ওপর সরাসরি আঘাত। আমাদের এই দেয়াললিখন ওই সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ।’

একইভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও (জবি) দেয়াললিখন করেছে ছাত্রদল। বিকালে জবি ছাত্রদলের নেতা-কর্মীরা ক্যাম্পাসের বিভিন্ন দেয়ালে ‘গুপ্ত যাদের অবস্থান, বাড়ি তাদের পাকিস্তান’ স্লোগান লেখেন।

জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার হোসেন বলেন, ‘গোপন পরিচয়ে ভিন্ন রাজনৈতিক অবস্থান নিয়ে অনেকে আবির্ভূত হচ্ছেন। যারা সুস্থ ধারার রাজনীতি করতে চান, তাদের নিজস্ব দলের ব্যানারে কাজ করা উচিত।’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দেয়াললিখনের সামনে শিবিরের ফটোসেশন। স্ট্রিম ছবি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দেয়াললিখনের সামনে শিবিরের ফটোসেশন। স্ট্রিম ছবি

শাবিপ্রবি ও জাবিতে প্রকাশ্যে রাজনীতির আহ্বান

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বুধবার দুপুরে গুরুত্বপূর্ণ স্থাপনা ও দেয়ালে ‘ঘরে ঘরে খবর পাঠা, গুপ্ত জাশির লেজ কাটা’, ‘সাবধান পিছনে গুপ্ত, ঐ যে গুপ্ত’ ইত্যাদি স্লোগান ফুটিয়ে তোলে শাখা ছাত্রদল।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাঈম সরকার বলেন, সাধারণ শিক্ষার্থীর পরিচয় ব্যবহার করে রাজনৈতিক কার্যক্রম করা মানে শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করা। শাখা সভাপতি রাহাত জামান জানান, ভবিষ্যতেও গুপ্ত রাজনীতির বিরুদ্ধে তাঁদের কর্মসূচি চলবে।

অন্যদিকে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ছাত্রদলের নেতারা দেয়াল লিখনের পাশাপাশি শিবিরের অতীত ও বর্তমান কমিটির তালিকা জনসম্মুখে প্রকাশের দাবি জানিয়েছেন। জাবি ছাত্রদলের সদস্য মোহাম্মদ রুবেল বলেন, ‘যতদিন আপনারা গুপ্ত রাজনীতি পরিহার করবেন না, ততদিন আমরা আপনাদের হাজারবার গুপ্ত শিবির নামে অভিহিত করব।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দেয়াললিখন। স্ট্রিম ছবি
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দেয়াললিখন। স্ট্রিম ছবি

রাবিতে ছাত্রদলের দেয়াললিখনের সামনে শিবিরের ‘ফটোসেশন’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিষয়টি ভিন্ন মাত্রা পেয়েছে। বুধবার দুপুরে রাবি ছাত্রদল কেন্দ্রীয় গ্রন্থাগারের দেয়ালে ‘গুপ্ত রাজনীতি নিষিদ্ধ চাই’ লিখে কর্মসূচি পালন করে। শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী অভিযোগ করেন, গণঅভ্যুত্থানের পর জামায়াত-শিবির নিজেদের আড়াল রেখে গুপ্ত পরিচয়ে ক্যাম্পাসে অস্থিতিশীলতা তৈরি করছে।

তবে ছাত্রদলের এই দেয়াললিখনের কয়েক ঘণ্টা পর বিকেলে একই স্থানে ওই লেখার পাশেই দাঁড়িয়ে ‘ফটোসেশন’ কর্মসূচি পালন করে রাবি শাখা ছাত্রশিবির। শাখা ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল বাবু বলেন, ‘ছাত্রদলের দেয়াললিখন দেখে আমাদের ভালো লেগেছে, তাই ফটোসেশন করেছি। আমরাও একমত যে গুপ্ত রাজনীতির অবসান হওয়া উচিত। দেশের মানুষকে ঝুঁকিতে ফেলে বিদেশে অবস্থান করে গুপ্ত রাজনীতি করার সুযোগ বাংলাদেশে থাকা উচিত নয় (পরোক্ষভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে ইঙ্গিত করে)।’

এদিকে শিবিরের এই কর্মকাণ্ডকে ‘বেহায়াপনা’ আখ্যা দিয়ে তীব্র সমালোচনা করেছে ছাত্রদল।

নোবিপ্রবিতে উপাচার্যের নামফলকে ‘গুপ্ত’ লিখে বিতর্ক

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) দেয়াললিখন কর্মসূচি পালন করতে গিয়ে বিতর্কের জন্ম দিয়েছে ছাত্রদল। বুধবার বেলা দুইটার দিকে বিক্ষোভ মিছিল শেষে উপাচার্যের দপ্তরের প্রবেশপথে তাঁর নামফলকের পাশে এবং উপাচার্যের বাংলোর ফটকে ‘গুপ্ত’ লিখে তাতে ‘ক্রস’ চিহ্ন এঁকে দেন ছাত্রদলের নেতা-কর্মীরা।

বিশ্ববিদ্যালয়ের একাধিক জ্যেষ্ঠ শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে এর সমালোচনা করে বলেন, দাবি প্রকাশের জন্য পুরো ক্যাম্পাসে দেয়ালের অভাব নেই, উপাচার্যের নামফলকের পাশে লিখতে হবে কেন?

তবে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি জাহিদ হাসান দাবি করেন, এটি নির্দিষ্ট কোনো ব্যক্তিকে উদ্দেশ্য করে লেখা হয়নি, বরং সবার নজরে পড়ার জন্যই এসব জায়গায় লেখা হয়েছে। উল্লেখ্য, বিএনপিপন্থী শিক্ষকেরা বর্তমান উপাচার্য অধ্যাপক মুহাম্মদ ইসমাইলকে ‘জামায়াতপন্থী’ হিসেবে অভিহিত করে এর আগে নানা কর্মসূচি পালন করেছেন।

চবি শাটল ট্রেনে ভিন্ন ঘটনা

এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বুধবার দুপুরে শহরগামী শাটল ট্রেনে রাজনৈতিক স্লোগান দেওয়াকে কেন্দ্র করে ক্ষোভের সৃষ্টি হয়েছে। চলন্ত শাটল ট্রেনে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের পোশাক পরিহিত কিছু শিক্ষার্থীকে ‘শহীদ জিয়ার গড়া দল...’ এবং ‘গুপ্তের আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’ স্লোগান দিতে দেখা যায়।

বহিরাগতদের দিয়ে ট্রেনের ভেতর এমন স্লোগান এবং এক ছাত্রীকে হেনস্তার অভিযোগে ক্ষুব্ধ চবি শিক্ষার্থীরা প্রক্টর অফিসে গিয়ে প্রতিবাদ জানান। এর পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুল হোসেন জানান, শিক্ষার্থীদের দাবির মুখে পলিটেকনিক স্টপেজে শাটল ট্রেনের যাত্রাবিরতি (হল্ট) সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত