ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মনোনয়ন ফরম তুললেন রাষ্ট্রপতির ভাই মির্জা ফয়সল

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
ঠাকুরগাঁও

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১৭: ৩৫
মির্জা ফয়সল আমীনের পক্ষে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী। ছবি: সংগৃহীত
মির্জা ফয়সল আমীনের পক্ষে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী। ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ শূন্য আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী হতে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন। তিনি সাবেক সংসদ সদস্য ও বর্তমান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে মির্জা ফয়সল আমিনের পক্ষে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী।

তিনি বলেন, মঙ্গলবার বিকেল ৪টা ৩৯ মিনিট পর্যন্ত ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির প্রার্থী হতে আর কেউ দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেননি। আগামীকাল মনোনয়ন ফরম জমা দেওয়ার কথা রয়েছে। ১৮ সেপ্টেম্বর বিএনপির মনোনয়ন বোর্ড প্রার্থীদের সাক্ষাৎকার নেবে।

মির্জা ফয়সল আমীনকে প্রার্থী করার বিষয়ে পয়গাম আলী বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শূন্য হওয়া আসনটি তাঁর পরিবারের যোগ্য উত্তরসূরি হিসেবে মির্জা ফয়সল আমীনের প্রাপ্য বলে তাঁরা মনে করেন। ফয়সল আমীন দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন এবং কেন্দ্রীয় বিএনপির দায়িত্বেও রয়েছেন। এর আগে তিনি ঠাকুরগাঁও পৌরসভার মেয়র ছিলেন।

তিনি বলেন, আমরা তাঁকে (ফয়সল আমীন) এমপি নির্বাচিত করে আমাদের যে ধারাবাহিক উন্নয়ন, সেটি এগিয়ে নিতে চাই। রাষ্ট্রপতি সময় কম দিতে পারবেন এলাকায়। সেই ক্ষেত্রে এলাকার মানুষের সমস্যা ও উন্নয়নকে তিনি এগিয়ে নিতে পারবেন।

পয়গাম আলী আরও বলেন, এই উপনির্বাচনের মাধ্যমে জাতীয় সরকারের পরিবর্তন হবে না। বিএনপি বর্তমানে রাষ্ট্রীয় ক্ষমতায় থাকায় ঠাকুরগাঁও-১ আসনের উন্নয়নকাজগুলো সম্পন্ন করাই তাঁদের প্রধান লক্ষ্য। ভোটারদের আহ্বান করবো তারা যেন ধানের শীষে ভোট দেন।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত