ডারউইনের জয় অতীত, ম্যাকাইতে নতুন পরীক্ষার সামনে শান্তর দল

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ২১ আগস্ট ২০২৬, ১৩: ২৩
 বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সংগৃহীত ছবি
বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সংগৃহীত ছবি

ডারউইনে ইতিহাস গড়ার পর বাংলাদেশের সামনে এবার ম্যাকাই পরীক্ষা। আজ (২১ আগস্ট) অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে সংবাদ সম্মেলনে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কণ্ঠে আত্মবিশ্বাস থাকলেও ছিলো না কোনো আত্মতুষ্টি। দুই দিনের অনুশীলনে ম্যাকাইয়ের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার পর শান্ত বলেন, ডারউইনের জয় এখন অতীত, লক্ষ্য নতুন টেস্টে নতুন করে শুরু করা।

ডারউইনের জয় কি বাড়তি আত্মবিশ্বাস দিচ্ছে, নাকি আত্মতুষ্টি এমন প্রশ্নের জবাবে শান্ত বলেন, ‘এরকম জয় অবশ্যই আপনাকে আত্মবিশ্বাস দেবে। কিন্তু পেশাদার খেলোয়াড়ের ক্ষেত্রে অতীতকে পিছনে ফেলে সামনের ম্যাচ নিয়ে ভাবতে হবে, ওই ম্যাচটা আমাদের জন্য এখন অতীত। এই কন্ডিশনে আমরা কীভাবে ভালো ক্রিকেট খেলতে পারি, সেটাই গুরুত্বপূর্ণ।’

ডারউইনের চেয়ে ম্যাকাইয়ের কন্ডিশন কতটা আলাদা এমন প্রশ্নের জবাবে শান্ত বলেন, ‘প্রিপারেশন ভালো হয়েছে। এখানকার আবহাওয়া ডারউইনের চেয়ে ঠান্ডা, এর সঙ্গে বাতাসও একটু বেশি। ম্যাকাইয়ের উইকেটে ডারউইনের থেকে বাউন্সের পরিমাণ বেশি, যেটি আমরা দুইদিনের প্রাকটিস করে বুঝেছি।’

বোলিং ইউনিট নিয়ে অধিনায়ক বলেন, ‘আমাদের পাঁচজন পেস বোলার ম্যাচের খেলার জন্য প্রস্তুত আছে। তবে ম্যাচের সকালে উইকেট দেখে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব। আমাদের দুজন স্পিনার আছে, যারা যে-কোনো কন্ডিশনে ভালো বল করতে পারে, এটি আমাদের জন্য ইতিবাচক দিক।’

বাতাস কি বাংলাদেশের পেসারদের সুবিধা দেবে এমন প্রশ্নের জবাবে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘অবশ্যই, বাতাস কাজে লাগাতে পারলে পেসারেরা বাড়তি সুইং পেতে পারে, যা পেসারদের জন্য বাড়তি সুবিধা হয়ে উঠবে।’

গত দিন অনুশীলনে চোট পাওয়া তামিম কি খেলবেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তামিম আজ ব্যাটিং করেছে, যেটি দলের জন্য পজিটিভ দিক। তবে মেডিকেল টার্মস অনুযায়ী আগামীকাল সকাল পর্যন্ত আরেকটু পর্যবেক্ষণ করতে চাই। আশা করি তিনি ঠিক হয়ে যাবে, এছাড়া আমাদের সব ধরনের অপশন আছে।’

অস্ট্রেলিয়া ঘুরে দাঁড়াতে মরিয়া, এটা কি বাড়তি চাপ এমন প্রশ্নের জবাবে শান্ত বলেন, ‘আমরা পাঁচ দিন ভালো ক্রিকেট খেলতে চাই। একেকটা দিন, একেকটা সেশন আমরা কত ভালো ক্রিকেট খেলছি ওইটাই আমাদের টার্গেট। ফলাফল নিয়ে চিন্তা না করে সেশন ধরে ভালো ক্রিকেট খেলাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’

ডারউইনের জয় কি বাংলাদেশকে অস্ট্রেলিয়ায় আরও বেশি টেস্ট খেলার সুযোগ আসবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ এমন কন্ডিশনে না খেললে আমাদের নিজেদেরও ইমপ্রুভ হবে না। আমরা বিশ্ব ক্রিকেটে যে সক্ষম, সেটিও তখন বোঝাতে পারব না। লাস্ট ম্যাচটা জিতে আমরা একটা পজিটিভ মেসেজ দিতে পেরেছি।’

দর্শকদের নিয়ে শান্ত বলেন, ‘আমরা ম্যাচ হারি বা জিতি আমাদের দর্শকেরা সবসময় আমাদের সাপোর্ট করে, যেটি পজিটিভ দিক। আশা থাকবে, আগামীকালের ম্যাচে শুরু, যাদের মাঠে আসার সুযোগ আছে, মাঠে এসে সাপোর্ট করবেন। আমরা আমাদের বেস্ট গেমটা খেলার চেষ্টা করব।’

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত

ডারউইনের জয় অতীত, ম্যাকাইতে নতুন পরীক্ষার সামনে শান্তর দল