মিরাজের ঝলকেও পারল না গায়ানা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১: ১০
ব্যাট হাতে ১৮ রান, বল হাতে ২ উইকেট নিয়ে আলো ছড়িয়েছেন মিরাজ। সংগৃহীত ছবি
ব্যাট হাতে ১৮ রান, বল হাতে ২ উইকেট নিয়ে আলো ছড়িয়েছেন মিরাজ। সংগৃহীত ছবি

মেহেদী হাসান মিরাজের অলরাউন্ড নৈপুণ্য সত্ত্বেও বার্বাডোজ ট্রাইডেন্টসের কাছে ৬ উইকেটে হেরেছে গায়ানা আমাজন ওয়ারিয়র্স। তবে হারলেও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) শীর্ষস্থান ধরে রেখেছে মিরাজের দল।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বার্বাডোজের কেনসিংটন ওভালে টসে জিতে গায়ানাকে ব্যাটিংয়ে পাঠায় বার্বাডোজ। শুরুতেই আফগান স্পিনার মোহাম্মদ গজানফারের ঘূর্ণিতে মাত্র ১৫ রানে ৩ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে গায়ানা। দলের দুই ক্যারিবিয়ান ব্যাটার শাই হোপ এবং শিমরন হেটমায়ার রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন।

গ্লেন ফিলিপসকে সঙ্গে নিয়ে ইনিংস মেরামতের চেষ্টা করেন মিরাজ। ২৪ বলে ১ চার ও ১ ছক্কার সাহায্যে লড়াকু ১৮ রান করে জোহান লেইনের বলে ক্যাচ দিয়ে আউট হন তিনি। শেষ পর্যন্ত ১৮ ওভার ১ বলে মাত্র ৯৯ রানেই গুটিয়ে যায় গায়ানা। দলের হয়ে সর্বোচ্চ ২৪ রান করেন ফিলিপস। বল হাতে বার্বাডোজের মোহাম্মদ গজানফর ১১ রানে ৩ এবং জোহান লেইন ১২ রানে ৩ উইকেট নেন।

১০০ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নামা বার্বাডোজের ওপর শুরু থেকেই বল হাতে চাপ তৈরি করেন মিরাজ। নিজের কোটার ৪ ওভারে ২৫ রান দিয়ে ২ উইকেট তুলে নেন এই বাংলাদেশি অফস্পিনার। বিপজ্জনক হওয়ার আগেই ৩ রান করা কুইন্টন ডি কককে বোল্ড এবং পরে ৩২ রান করা সদ্রাক ডেসকার্টেসকে ক্যাচে পরিণত করেন তিনি।

তবে ব্র্যান্ডন কিংয়ের ৪৪ রানের ইনিংসে ভর করে ১৪ ওভার ৫ বলে ৪ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে বার্বাডোজ ট্রাইডেন্টস। আগের ম্যাচে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হওয়া মিরাজ এদিন ব্যাট-বলে লড়লেও ব্যাটারদের ব্যর্থতায় হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে গায়ানাকে।

সংক্ষিপ্ত স্কোর:

গায়ানা আমাজন ওয়ারিয়র্স: ৯৯/১০ (১৮.১ ওভার); ফিলিপস ২৪, মিরাজ ১৮; গজানফর ৩/১১, লেইন ৩/১২।

বার্বাডোজ ট্রাইডেন্টস: ১০০/৪ (১৪.৫ ওভার); কিং ৪৪; মিরাজ ২/২৫।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত