মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় মঙ্গলবার
স্ট্রিম প্রতিবেদকঢাকা

চব্বিশের জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির মামলার রায় মঙ্গলবার। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই দিন ধার্য করেন।
মামলার অন্য আসামি হলেন– আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগ সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এবং ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।
সব আসামিকে পলাতক দেখিয়ে এই মামলার বিচার কাজ চলে। তাদের পক্ষে শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী এম হাসান ইমাম ও ইসরাত জাহান। রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিউটর মিজানুল ইসলাম ও গাজী এমএইচ তামিম।
গত ১৭ আগস্ট উভয়পক্ষের যুক্তি উপস্থাপন শেষ হলে রায় ঘোষণার জন্য অপেক্ষমান রাখা হয়। এর আগে গত ১২ আগস্ট রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। ওইদিন আসামিদের সর্বোচ্চ সাজা চায় প্রসিকিউশন।
পরে আইনজীবী এম হাসান ইমাম ও ইশরাত জাহান আসামিদের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন।
গত বছরের ১৮ ডিসেম্বর আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। পরে সাতজনের বিরুদ্ধেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এরপর গত ২২ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল। সাক্ষ্য গ্রহণ শেষ হলে গত ৪ আগস্ট থেকে শুরু হয় প্রসিকিউশনের যুক্তিতর্ক উপস্থাপন।

-7c29dd-256x144.webp)





