ad

ট্রাম্পের ফোনে বদলাল আইন, ফিফার বিরুদ্ধে অভিযোগ করবে নরওয়ে

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ২২: ৫৮
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগানের লাল কার্ড ও ম্যাচ নিষেধাজ্ঞা স্থগিতের ঘটনায় বিশ্ব ফুটবলে বিতর্ক থামছে না। এ ঘটনায় ফুটবলের নিয়ম ভঙ্গের অভিযোগ তুলে আন্তর্জাতিক ফুটবল সংস্থার (ফিফা) বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগের সিদ্ধান্ত নিয়েছে নরওয়েজিয়ান ফুটবল ফেডারেশন (এনএফএফ)।

নরওয়ের ফুটবল ফেডারেশনের সভাপতি লিস ক্লাভনেস ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ফিফার কড়া সমালোচনা করেছেন। তিনি বলেন, রাষ্ট্রপ্রধানদের সন্তুষ্ট করতে গিয়ে ফিফা ফুটবলের বিশ্বাসযোগ্যতাকেই ঝুঁকির মুখে ফেলেছে।

বসনিয়ার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে সরাসরি লাল কার্ড দেখেছিলেন যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগান। নিয়ম অনুযায়ী, বেলজিয়ামের বিপক্ষে পরের ম্যাচে তাঁর খেলার সুযোগ ছিল না। তবে অভিযোগ ওঠে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ফোনের পর বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করা হয়।

তবে সেই সিদ্ধান্তেও শেষ পর্যন্ত লাভ হয়নি যুক্তরাষ্ট্রের। বেলজিয়ামের কাছে ৪–১ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় দলটি।

দ্য টাইমসের এক অনুসন্ধানে বলা হয়, ফিফার ডিসিপ্লিনারি কমিটির অন্য সদস্যদের সঙ্গে আলোচনা ছাড়াই কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আল-কামালি নিজের সিদ্ধান্তে বালোগানের লাল কার্ড বাতিল করেন।

আইনজীবী ও সাবেক ফুটবলার লিস ক্লাভনেস বলেন, বাইরের প্রভাবশালী রাজনৈতিক শক্তির প্রভাবেই ফিফা এমন সিদ্ধান্ত নিয়েছে। বিষয়টি সবার কাছেই স্পষ্ট।

তাঁর মতে, নীতি ও নিয়ম এভাবে বদলে দেওয়া হলে ফুটবলের আর কিছুই অবশিষ্ট থাকবে না। ফিফা সভাপতির প্রকাশ্যে নিজের ভুল স্বীকার করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

শুধু বালোগানের লাল কার্ডের ঘটনাই নয়, দক্ষিণ আমেরিকার প্রস্তাবিত ৬৪ দলের বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনারও সমালোচনা করেছেন ক্লাভনেস। তাঁর মতে, বিশ্বকাপের পরিধি আরও বাড়ানো হলে ঘরোয়া লিগ ও আঞ্চলিক ফুটবলের ভবিষ্যৎ হুমকির মুখে পড়বে।

Ad 300x250

সম্পর্কিত