ad

আর্জেন্টিনার জার্সি গায়ে ঐতিহাসিক বিদায়ের অপেক্ষায় মেসি

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৪ জুলাই ২০২৬, ২১: ৩১
লিও মেসি। ছবি: এক্স থেকে নেওয়া

বিশ্বকাপ ফাইনাল শেষে কোটি ফুটবলপ্রেমীর হৃদয়ে একটি প্রশ্ন জেগেছিল, তবে কি মহাকাব্যের শেষ পাতাটি পড়া হয়ে গেল? স্পেনের বিপক্ষে ১-০ গোলের হৃদয়ভাঙা হারের পর সবাই যখন ধরে নিয়েছিলেন, নীল-সাদা জার্সিতে বোধহয় শেষবারের মতো লিওনেল মেসি মাঠে নেমেছেন, ঠিক তখনই স্বস্তির খবর পেলেন তাঁর ভক্তরা।

নীরব বিদায় কিংবা সামাজিকযোগাযোগ মাধ্যমের কোনো শুষ্ক বিবৃতিতে নিজের আন্তর্জাতিক ক্যারিয়ার থামাকে চান না লিও।

আর্জেন্টিনার বিভিন্ন ক্রীড়া মাধ্যমের তথ্য অনুযায়ী, এখনই হুট করে আন্তর্জাতিক ফুটবল থেকে সরে দাঁড়াতে চান না ৩৯ বছর বয়সী আর্জেন্টাইন অধিনায়ক। জাতীয় দলের হয়ে আগামী কয়েক মাস খেলা চালিয়ে যাবেন তিনি। সংবাদ সম্মেলন বা সামাজিক যোগাযোগমাধ্যমের বিবৃতির মাধ্যমে নিঃশব্দে বিদায় না নিয়ে, বুয়েনস এইরেসে দর্শকদের সামনে মাঠে নেমে রাজকীয় বিদায় নিতে চান তিনি।

আর্জেন্টাইন ক্রীড়াভিত্তিক গণমাধ্যমকে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এবং মেসির ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, বিশেষ একটি ম্যাচের আয়োজন করা হবে অধিনায়ককে মাঠ থেকে স্মরণীয় বিদায় জানাতে। এই ইভেন্টের তারিখ ও সময়সূচি আগের থেকে জানানো হবে যেন হাজারো দর্শকের সমাগমে রাজকীয় বিদায় নিতে পারেন তিনি।

আসন্ন আন্তর্জাতিক ম্যাচগুলোতে মেসিকে দলে রাখার পরিকল্পনা করছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনিও। প্রায় দুই দশকের আন্তর্জাতিক ক্যারিয়ারে মেসির এমন এক জাঁকজমকপূর্ণ সমাপ্তি চান সংশ্লিষ্টরা।

বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে হারলেও মেসির অবদান পুরা টুর্নামেন্টে ছিল অতুলনীয়। ক্যারিয়ারের মাঝপর্যায়ে একের পর এক ফাইনাল হেরে বছরের পর বছর তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাঁকে।

যদিও ক্যারিয়ারের অন্তিমলগ্নে স্কালোনির অধীনে ২০২১ কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিমা এবং ২০২২ ফিফা বিশ্বকাপ জয়ের পর ২০২৪ কোপা আমেরিকার ট্রফিও উঁচিয়ে ধরে মেসি নিজের ক্যারিয়ারকে করেছেন আরও উজ্জ্বল। শুধু তা-ই নয়, টানা দ্বিতীয়বারের মতো ২০২৬ বিশ্বকাপের ফাইনালে দেশকে তুলেছেন তাঁর একক নৈপুণ্যে। জাতীয় দলের হয়ে সর্বোচ্চ গোল, সর্বোচ্চ অ্যাসিস্ট এবং সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডসহ অসংখ্য রেকর্ড এখন তাঁর দখলে।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত