বাংলা কিউআরে দৈনিক লেনদেন ১১০ কোটি টাকা ছাড়াল

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬, ২৩: ১৯
ক্যাশলেস লেনদেনের একক প্ল্যাটফর্ম হিসেবে জুলাইয়ে চালু হয় বাংলা কিউআর। ফাইল ছবি
ক্যাশলেস লেনদেনের একক প্ল্যাটফর্ম হিসেবে জুলাইয়ে চালু হয় বাংলা কিউআর। ফাইল ছবি

বাধ্যতামূলকভাবে চালুর মাত্র দুই মাসের মধ্যে বাংলাদেশ ব্যাংকের ক্যাশলেস লেনদেনের একক প্ল্যাটফর্ম বাংলা কিউআর-এ দৈনিক লেনদেন ১১০ কোটি টাকা ছাড়িয়েছে। রোববার (২৩ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

‘ক্যাশলেস বাংলাদেশ’ গড়তে গত জুলাইয়ে সব ব্যাংক ও মোবাইল আর্থিক সেবাদাতার (এমএফএস) নিজস্ব কিউআরের পরিবর্তে বাধ্যতামূলকভাবে বাংলা কিউআর বাস্তবায়নের নির্দেশ দেয় কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, বর্তমানে বাংলা কিউআরে দৈনিক গড়ে ৩ লাখ ৩ হাজার লেনদেন হচ্ছে, টাকার অঙ্কে যা ১১০ কোটি ৩৮ লাখ টাকা।

গত জুলাইয়ের শুরুতে লেনদেনের সংখ্যা ছিল দৈনিক ১ লাখ ৭৮ হাজার, যার আর্থিক মূল্য ছিল ৩৭ কোটি টাকা। অর্থাৎ দুই মাসের ব্যবধানে লেনদেনের সংখ্যা প্রায় দ্বিগুণ ও আর্থিক মূল্য তিনগুণ বেড়েছে। এ সময়ে নিবন্ধিত মার্চেন্ট বা বিক্রেতার সংখ্যা ১৬ লাখ থেকে বেড়ে প্রায় ৩০ লাখে পৌঁছেছে।

‘এক দেশ এক কিউআর’ নীতিতে বাংলা কিউআরে যেকোনো ব্যাংক বা এমএফএস অ্যাপ দিয়ে সহজে বিল পরিশোধ করা যাচ্ছে। এতে বেসরকারি ব্যাংকের পাশাপাশি রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোও অগ্রণী ভূমিকা রাখছে।

বাংলা কিউআরে লেনদেন বাড়লেও অধিকাংশ কেনাকাটা এখনো নগদ অর্থে হচ্ছে। এর পেছনে খাতসংশ্লিষ্টরা কিছু কারণ তুলে ধরেছেন। তারা বলছেন, ক্ষুদ্র ব্যবসায়ীরা ডিজিটাল লেনদেনে ভয় পাচ্ছেন। এর মূল কারণ হলো ন্যূনতম টার্নওভার কর ব্যবস্থা, যেখানে লোকসান হলেও কর দিতে হয়।

তারা জানান, প্রতিবেশী দেশ ভারতে কিউআরে ভর্তুকি, ক্যাশব্যাক ও মাশুল মওকুফ দিয়ে এই সেবা জনপ্রিয় করা হয়েছে। কিন্তু বাংলাদেশে এমন কোনো সরকারি প্রণোদনা নেই। এ ছাড়া পার্সোনাল রিটেইল অ্যাকাউন্ট খোলার প্রক্রিয়া এখনো পুরোপুরি ডিজিটাল বা পেপারলেস না হওয়ায় অনেক বিক্রেতা আগ্রহ হারাচ্ছেন।

বিশেষজ্ঞদের মতে, সরকারি পরিষেবার ফি পরিশোধে বাংলা কিউআর বাধ্যতামূলক করা হলে এর চাহিদা বহুগুণ বাড়বে। নীতিগত জটিলতা নিরসন ও প্রণোদনা দেওয়া হলে বাংলা কিউআর দেশের ডিজিটাল অর্থনীতি জোরদারে মূল ভূমিকা রাখবে বলে মনে করছেন তারা।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত