leadT1ad

চট্টগ্রাম বন্দরের অচলাবস্থা নিরসনে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ২২: ৩৭
স্ট্রিম কোলাজ

ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে চট্টগ্রাম বন্দরে ধর্মঘট ও অচলাবস্থা নিরসনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের জরুরি ও সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন দেশের শীর্ষ চার ব্যবসায়ী সংগঠনের নেতারা।

শনিবার (৭ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার কাছে পাঠানো এক যৌথ আবেদনে ব্যবসায়ী নেতারা চট্টগ্রাম পোর্ট প্রটেকশন মুভমেন্ট কাউন্সিলের অনির্দিষ্টকালের ধর্মঘট এবং রোববার থেকে বহির্নোঙরে কার্যক্রম স্থগিতের সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করেন। আবেদনে বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল, বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম, বিজিএমইএ ভারপ্রাপ্ত সভাপতি সেলিম রহমান এবং বিইএফ সভাপতি ফজলে শামীম এহসান স্বাক্ষর করেছেন।

ব্যবসায়ী নেতারা বলেন, দেশের প্রায় ৯৯ শতাংশ কনটেইনার পরিবহন এবং ৭৮ শতাংশ সামুদ্রিক বাণিজ্য চট্টগ্রাম বন্দরের মাধ্যমে পরিচালিত হয়। নির্বাচনের মাত্র চার দিন আগে এমন অস্থিরতা দেশের রপ্তানিনির্ভর অর্থনীতির জন্য বড় হুমকি। এই অচলাবস্থা বিশেষ করে তৈরি পোশাক খাতের অপূরণীয় ক্ষতি করবে। সামনে পবিত্র রমজান মাস থাকায় ভোগ্যপণ্য ও শিল্পের কাঁচামাল খালাসে বিলম্ব হলে বাজারে কৃত্রিম সংকট এবং মূল্যবৃদ্ধির আশঙ্কা প্রকাশ করেছেন তাঁরা।

আবেদনে আরও বলা হয়, নিউ মুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা দেওয়া নিয়ে শ্রমিকদের সঙ্গে কর্তৃপক্ষের বিরোধ ও আইনি পদক্ষেপের ফলে উত্তেজনা বেড়েছে। গত সাত দিন ধরে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চললেও আস্থার অভাবে তা সফল হয়নি। বহির্নোঙরে কার্যক্রম বন্ধ হলে পুরো বন্দর অচল হয়ে পড়বে এবং আমদানিকারকদের বিপুল বৈদেশিক মুদ্রায় জরিমানা গুনতে হবে।

এই সংকটময় পরিস্থিতিতে জাতীয় স্বার্থ রক্ষা ও অর্থনৈতিক চাকা সচল রাখতে প্রধান উপদেষ্টার ব্যক্তিগত হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা। সমগ্র ব্যবসায়ী সমাজ একটি টেকসই সমাধানের আশায় প্রধান উপদেষ্টার সময়োচিত নির্দেশনার অপেক্ষায় রয়েছে বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।

Ad 300x250

সম্পর্কিত