ফেনীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের পর গ্রেপ্তার ৮

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
ফেনী

 ফেনীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের মিছিলের ঘটনায় গ্রেপ্তার নেতাকর্মী। ছবি: সংগৃহীত
ফেনীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের মিছিলের ঘটনায় গ্রেপ্তার নেতাকর্মী। ছবি: সংগৃহীত

ফেনীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেওয়ার অভিযোগে আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। একই অভিযানে মাদক ও বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত আরও ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাত দেড়টার দিকে ফেনী পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের মধ্যম চাড়িপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসংলগ্ন হাজারী রোডে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। খবর পেয়ে ফেনী মডেল থানা পুলিশ শহরের বিভিন্ন এলাকায় অভিযান শুরু করে।

অভিযানকালে শহরের সালাহউদ্দিন মোড় এলাকা থেকে মিছিলে নেতৃত্ব দেওয়ার অভিযোগে আটজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন নোয়াখালীর সেনবাগ উপজেলার ফখরুল ইসলাম (২৩), ইমাম হোসেন (২৪), শহিদুল ইসলাম স্বাধীন (২৩), রোহান পাটোয়ারী (২৩), ফখর (২২), মো. তানিম (২২), গোলাম রাব্বি (২৩) ও নুর ইসলাম (২২)। এ ঘটনায় ফেনী মডেল থানার এসআই মো. মোতাহের হোসেন বাদী হয়ে একটি মামলা করেছেন।

অন্যদিকে, একই রাতে পুলিশের বিশেষ অভিযানে শহরের বিভিন্ন স্থান থেকে মাদক কারবার, মাদকসেবন ও বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত আরও ১২ জনকে গ্রেপ্তার করা হয়। সব মিলিয়ে এক রাতের অভিযানে ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ফেনী মডেল থানার ওসি আমিনুল ইসলাম জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক ও অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত