সাতক্ষীরায় আবারও ১৬ মাদ্রাসাছাত্রীর বাল্যবিবাহের অভিযোগ, অভিভাবকদের তলব
স্ট্রিম সংবাদদাতাসাতক্ষীরা

সাতক্ষীরা সদরের একটি দাখিল মাদ্রাসার ১৬ ছাত্রীর বাল্যবিবাহের অভিযোগে অভিভাবকদের তলব করেছে উপজেলা প্রশাসন। তাদের আগামী ২১ সেপ্টেম্বর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সামনে হাজির হয়ে বক্তব্য দিতে বলা হয়েছে।
গতকাল বুধবার (১৬ সেপ্টেম্বর) সাতক্ষীরা মহিলাবিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমাতুজ জোহরার স্বাক্ষরিত এক নোটিশে এ নির্দেশ দেওয়া হয়। এর আগে শাল্যে আদর্শ দাখিল মাদ্রাসার ১৬ ছাত্রীর বাল্যবিয়ে হয়েছে বলে ৯ সেপ্টেম্বর জেলা কার্যালয়ে ওই অভিযোগ করেন জেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সদস্য মো. সাকিবুর রহমান বাবলা।
নোটিশে বিয়ে হওয়া ছেলে-মেয়েদের জন্মসনদ, অভিভাবকের জাতীয় পরিচয়পত্র, বিয়ের কাগজপত্র, সাক্ষীসহ অভিভাবকদের উপস্থিত থাকতে বলা হয়েছে। তাদের সবার উপস্থিতি নিশ্চিত করতে উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এবং শাল্যে আদর্শ দাখিল মাদ্রাসার সুপারকে অনুরোধ করা হয়েছে।
অভিযোগকারী হিসেবে জেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সদস্য মো. সাকিবুর রহমান বাবলা বলেন, ‘সাতক্ষীরায় আশঙ্কাজনক হারে বাল্যবিবাহ বেড়েছে। যেটি উদ্বেগজনক বিষয়।’
সাতক্ষীরা সদর ইউএনও অর্নব দত্ত বলেন, ‘বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। এ ঘটনায় তথ্য-উপাত্ত ও বিয়ের কাগজপত্র যাচাই করা হবে। নথি যাচাই শেষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
মহিলাবিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমাতুজ জোহরা বলেন, ‘অভিযোগের পরিপ্রেক্ষিতে ১৬ শিক্ষার্থীর অভিভাবকদের বক্তব্য নেওয়ার পাশাপাশি বিয়ের বয়স ও সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই করা হবে। তদন্তে বাল্যবিবাহের বিষয়টি প্রমাণিত হলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
নোটিশ পাওয়ার তথ্য নিশ্চিত করে শাল্যে আদর্শ দাখিল মাদ্রাসার সুপার নুরুল ইসলাম বলেন, বিয়ের পর অনেক ছাত্রী মাদ্রাসায় আসে না। তাই তাদের সরাসরি হাজির করাতে কিছুটা সমস্যা হচ্ছে। তারপরও অভিভাবক ও শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করে তাঁদের হাজির করার চেষ্টা চলছে।’
এর আগে ১০ সেপ্টেম্বর সাতক্ষীরার তালা উপজেলার একটি বালিকা বিদ্যালয়ের ১৩ ছাত্রীর বাল্যবিবাহের ঘটনা ঘটে। এ ঘটনায় তাঁদের অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নেয় উপজেলা প্রশাসন। এতে ১৮ বছর পূর্ণ হওয়ার আগে মেয়েদের শ্বশুরবাড়িতে না পাঠানো এবং পড়াশোনা চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন অভিভাবকেরা।
.png)
-40e58c.jpeg)





-60f18c-256x144.webp)
