ওয়ালটনের কারখানা ঘুরে দেখলেন আইইউবির শিক্ষার্থীরা

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ১৭: ৩০
আইইউবির শিক্ষার্থীদের ওয়ালটনের কারখানা সফর। ছবি: সংগৃহীত

পুঁথিগত জ্ঞান আর বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতার মধ্যে সেতুবন্ধ তৈরি করতে গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানা পরিদর্শন করেছেন ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির (আইইউবি) শিক্ষার্থীরা। গত ১৬ জুলাই বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ক্লাব ‘যুক্তি’ (জেইউকেটিআই) এ শিক্ষাসফরের আয়োজন করে।

‘বিয়ন্ড দ্য ক্লাসরুম: যুক্তিস ইন্ডাস্ট্রি ভিজিট ২০২৬ টু ওয়ালটন’ শীর্ষক এই আয়োজনে আইইউবির সিএসই বিভাগের ৫৬ জন শিক্ষার্থী ও দুজন শিক্ষক অংশ নেন।

পরিদর্শনকালে শিক্ষার্থীরা ওয়ালটনের ডিসপ্লে সেন্টার, আধুনিক উৎপাদন প্রক্রিয়া এবং মান নিয়ন্ত্রণ ব্যবস্থা ঘুরে দেখেন। পাশাপাশি ওয়ালটনের ডেটা সেন্টার, আইটি বিভাগ এবং স্বয়ংক্রিয় ‘পিসিবি’ (প্রিন্টেড সার্কিট বোর্ড) উৎপাদন লাইনও পর্যবেক্ষণ করেন তাঁরা। বৃহৎ শিল্পকারখানায় প্রযুক্তির ব্যবহার ও আধুনিক ডিজিটাল অবকাঠামো কীভাবে কাজ করে, সে বিষয়ে সরাসরি অভিজ্ঞতা অর্জন করেন শিক্ষার্থীরা।

শিল্পক্ষেত্রে কাজের পরিবেশ, নিত্যনতুন প্রযুক্তিগত উদ্ভাবন এবং বাংলাদেশের প্রযুক্তি খাতে ক্যারিয়ার গড়ার নানা দিক নিয়ে পেশাদারদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পান অংশগ্রহণকারীরা। এতে শ্রেণিকক্ষে শেখা তাত্ত্বিক বিষয়গুলোর বাস্তব প্রয়োগ সম্পর্কে তাঁদের ধারণা আরও স্পষ্ট হয়।

‘দক্ষতা, নেটওয়ার্কিং ও জ্ঞান’—নিজেদের এই মূলমন্ত্রকে সামনে রেখে শিক্ষার্থীদের পেশাদারি দক্ষতা বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে আয়োজক সংগঠন 'যুক্তি'। শিক্ষাসফরের এমন সুযোগ তৈরি করে দেওয়ায় ওয়ালটন কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছে ক্লাবটি।

বিষয়:

Ad 300x250

সম্পর্কিত