জবির ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, ক্লাস ৪ এপ্রিল

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬, ১৬: ৫৪
জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ছবি বাসস

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী বছরের ১ জানুয়ারি এ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে ভর্তি পরীক্ষা শুরু হয়ে ২৩ জানুয়ারি ডি ইউনিটের পরীক্ষার মাধ্যমে শেষ হবে। নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে আগামী ৪ এপ্রিল।

রোববার (৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রইছ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের বিশেষ সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৫ নভেম্বর দুপুর ১২টা থেকে অনলাইনে ভর্তি আবেদন শুরু হবে। আবেদন চলবে ১০ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

গতবারের মতো এবারও পাঁচটি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ইউনিটের পরীক্ষা ১ জানুয়ারি ২০২৭, ই ইউনিটের ৮ জানুয়ারি, বি ইউনিটের ১৫ জানুয়ারি, সি ইউনিটের ২২ জানুয়ারি এবং ডি ইউনিটের পরীক্ষা ২৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে। সব পরীক্ষা সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এবারও দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ থাকছে না।

কমেছে আবেদনের ন্যূনতম যোগ্যতা

২০২৫-২৬ শিক্ষাবর্ষের তুলনায় এবার ভর্তি আবেদনের ন্যূনতম যোগ্যতা কমানো হয়েছে। এ ইউনিটে গতবার এসএসসি ও এইচএসসি/সমমান পরীক্ষায় মোট জিপিএ ৭.৫০ এবং কোনো পরীক্ষায় ন্যূনতম ৩.২৫ থাকার শর্ত থাকলেও এবার তা কমিয়ে মোট ৭.০০ এবং কোনো পরীক্ষায় ৩.০০ করা হয়েছে।

বি, সি ও ডি ইউনিটে গতবার মোট জিপিএ ৬.৫০ এবং কোনো পরীক্ষায় ন্যূনতম ৩.০০ থাকতে হতো। এবার এসব ইউনিটে মোট জিপিএ ৬.০০ এবং কোনো পরীক্ষায় ন্যূনতম ২.৭৫ থাকলেই আবেদন করা যাবে।

তবে ই ইউনিটে গতবারের মতো এবারও মোট জিপিএ ৫.৫০ এবং কোনো পরীক্ষায় ন্যূনতম ২.৫০ থাকার শর্ত রাখা হয়েছে।

এবার ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদনকারীদের ২০২৩ অথবা ২০২৪ সালে এসএসসি/সমমান এবং ২০২৬ সালে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

সভায় আরও সিদ্ধান্ত হয়, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের একাডেমিক কার্যক্রম শুরু হবে ৪ এপ্রিল ২০২৭ থেকে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত