
সম্প্রতি ফেসবুকে মেট্রোরেলের খুঁটিতে শেখ হাসিনার কয়েকটি গ্রাফিতির ছড়িয়ে পড়েছে। ছবিগুলো শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে- ‘অলি গলিতে লিইখা দে, শেখের বেটি আইতাছে।’
এ ধরনের পোস্ট দেখুন- এখানে, এখানে।
তবে স্ট্রিম যাচাইয়ে দেখা যায়, ছবিগুলো বাস্তব নয়। প্রকৃতপক্ষে, মেট্রোরেলের খুঁটিতে দেখানো শেখ হাসিনার গ্রাফিতিগুলো এআই দিয়ে তৈরি।
ছবিটি পর্যবেক্ষণ করলে দেখা যায়, একটি মেট্রোরেলের খুঁটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা, নৌকা প্রতীক ও বিভিন্ন রাজনৈতিক স্লোগান আঁকা। তবে ছবির কয়েকটি অংশে অস্বাভাবিকতা স্পষ্ট। পিলারে থাকা বাংলা লেখাগুলোর কিছু অক্ষর স্বাভাবিক নয়। বিশেষ করে, দূরের পিলারগুলোর লেখা অস্পষ্ট ও বিকৃত।

পিলারের নকশাগুলোও অতিরিক্ত মসৃণ, যেন ডিজিটাল আঁকার মতো। বাস্তব দেয়ালচিত্রে যে ধরনের রঙের টেক্সচার, দেয়ালের খসখসে ভাব বা আঁকার ছোটখাটো খুঁত থাকে, এখানে তা নেই।
সংশ্লিষ্ট কিওয়ার্ড দিয়ে অনুসন্ধান করেও মেট্রোরেলের খুঁটিতে এমন গ্রাফিতি আঁকার কোনো তথ্য নির্ভরযোগ্য সংবাদমাধ্যম বা বিশ্বস্ত সূত্রে পাওয়া যায়নি।
ছবিটি এআই দিয়ে তৈরি বা সম্পাদিত কি না, তা যাচাই করতে জেমিনির ভেরিফাই এআই (Verify AI) ব্যবহার করা হয়। বিশ্লেষণে দেখা যায়, ছবিটির বেশির ভাগ বা পুরো অংশ গুগল এআই ব্যবহার করে তৈরি বা সম্পাদনা করা হয়েছে।
অর্থাৎ, এগুলো বাস্তব কোনো মেট্রোরেলের খুঁটিতে আঁকা শেখ হাসিনার গ্রাফিতি নয়। এআই দিয়ে তৈরি ছবিগুলো রাজনৈতিক ক্যাপশনসহ বাস্তব দৃশ্যের মতো করে প্রচার করা হয়েছে।
.png)






