কোনো জিনিসের দাম জানতে চাওয়া কি আসলেই অভদ্রতা?
এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, উত্তর না দেওয়ার অধিকারও যার কাছে প্রশ্ন করা হচ্ছে, তাঁর আছে। কেউ হয়তো দাম বলতে চাইলেন না বা অস্পষ্ট উত্তর দিলেন। তখন বারবার জানতে চাওয়ার বদলে বিষয়টি সেখানেই শেষ করা উচিত।

ছোটবেলায় বাবা-মা যেসব সাধারণ শিক্ষা দিয়েছেন তার মধ্যে একটি হলো ‘কাউকে কোনো জিনিসের দাম জিজ্ঞেস করবে না’। কিন্তু বড় হওয়ার পর দেখা গেল, আমি কারও কেনা জিনিসের দাম জানতে না চাইলেও অন্যরা আমার কেনা জিনিসের দাম ঠিকই জানতে চান।
‘আপু, শাড়িটা তো দারুণ! কোথা থেকে নিলেন? দাম কত পড়ল?’ ‘হাতের ঘড়িটা কিনতে কত খরচ হলো?’ বিয়ে, ঈদ কিংবা পারিবারিক অনুষ্ঠানে এমন প্রশ্ন হরহামেশাই শুনতে হয়। কখনো প্রশ্নটা আসে খুব স্বাভাবিক কৌতূহল থেকে, কখনো আবার মনে হয়, অন্যের ব্যক্তিগত বিষয়ে একটু বেশি ঢুকে পড়া হচ্ছে।
এ ছাড়া কিছু সেলিব্রিটি টক শোতেও আমরা দেখেছি, উপস্থাপক অতিথির কাছে জানতে চান, পরনের জামাটি তিনি কত দিয়ে কিনেছেন। এই ধরনের প্রশ্ন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখতে পাই দর্শকদের মধ্যে।
কেউ হয়তো আগ্রহ থাকা সত্ত্বেও ভদ্রতার খাতিরে কোনো কিছুর দাম জিজ্ঞেস করেন না। আবার কেউ কেউ সবকিছুর দামই জিজ্ঞেস করেন। প্রশ্ন হলো, কোনো কিছুর দাম জিজ্ঞেস করা কি আসলেই অভদ্রতা, নাকি বিষয়টি পুরোপুরি নির্ভর করে পরিস্থিতি, সম্পর্ক ও প্রশ্ন করার উদ্দেশ্যের ওপর?
কৌতূহল নাকি অনধিকারচর্চা?
ধরুন, আপনি আড়ং বা বনানীর কোনো বুটিক থেকে একটি পোশাক কিনেছেন। অনেক শখ করে বেশ চড়া দামেই কিনেছেন। এখন বন্ধুদের আড্ডায় বা আত্মীয়দের সামনে কেউ হুট করে দাম জিজ্ঞেস করে বসল। এতে আপনি অস্বস্তিতে পড়তেই পারেন। আসল দাম বললে কেউ ভাবতে পারেন, আপনি অযথা টাকা খরচ করেন। আবার কমিয়ে বললেও নিজের কাছেই অস্বস্তি হতে পারে।
তবে এখানে আসল বিষয় শুধু প্রশ্নটি নয়, প্রশ্নের উদ্দেশ্যও। কেউ হয়তো পোশাকটি পছন্দ করেছেন এবং একই রকম কিছু কিনতে চান। তাই দাম জানতে চাইছেন। আবার কেউ হয়তো আপনার খরচ, আর্থিক সামর্থ্য বা সামাজিক অবস্থান সম্পর্কে ধারণা নিতে চাইছেন। প্রথম ক্ষেত্রে এটি স্বাভাবিক কৌতূহল, দ্বিতীয় ক্ষেত্রে তা ব্যক্তিগত পরিসরে ঢুকে পড়তে পারে।
অর্থাৎ একই প্রশ্ন ভিন্ন পরিস্থিতিতে ভিন্ন অর্থ তৈরি করতে পারে। প্রশ্নটি কীভাবে করা হচ্ছে এবং কেন করা হচ্ছে, সেটিই বেশি গুরুত্বপূর্ণ।
ঠকে যাওয়ার হাত থেকে বাঁচায় যে প্রশ্ন
দাম জানতে চাওয়ার প্রয়োজনীয়তাও আছে। আমাদের দেশে কেনাকাটায় দরদামের চল রয়েছে। কোনো পণ্যের বাজারদর সম্পর্কে ধারণা না থাকলে বেশি দামে কিনে ফেলার ঝুঁকি থাকে। একইভাবে গাড়ি, ফ্ল্যাট, আসবাব বা কোনো সেবার খরচ সম্পর্কে আগে থেকে জানা থাকলে সিদ্ধান্ত নেওয়াও সহজ হয়।
এ কারণেই একই ধরনের পণ্য বা সেবার জন্য অন্যরা কত খরচ করেছেন, তা জানা অনেক সময় কাজে দেয়। আপনি বন্ধুর ফ্ল্যাটের ইন্টেরিয়রের খরচ জানতে পারেন, গাড়ির দাম জানতে পারেন, কোনো নির্দিষ্ট সেবার জন্য কত টাকা নেওয়া হচ্ছে তা জানতে পারেন। এ ধরনের প্রশ্নের উদ্দেশ্য যদি হয় বাজারদর বোঝা বা নিজের সিদ্ধান্ত নেওয়া, তাহলে সেটিকে সরাসরি অভদ্র বলা যায় না।
কখন দাম জানতে চাওয়াটা অভদ্রতা?
অস্বস্তি তৈরি হয় তখন, যখন প্রশ্নের উদ্দেশ্য তথ্য নেওয়া নয়, তুলনা করা বা বিচার করা। ধরুন, আপনি অনেক কষ্টে জমানো টাকা দিয়ে একটি ফ্ল্যাট কিনেছেন। কোনো প্রতিবেশী হয়তো আত্মতৃপ্তি পাওয়ার জন্য আপনার ফ্ল্যাটের দাম জিজ্ঞেস করলেন। কারণ তিনি নিজের ফ্ল্যাটের দামের সঙ্গে আপনার কেনা ফ্ল্যাটের তুলনা করতে চান। এটা নিশ্চয়ই আনন্দদায়ক কোনো অভিজ্ঞতা নয়। এই ধরনের আলোচনা থেকে অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
এ ছাড়া কোন জিনিসের দাম জিজ্ঞেস করা হচ্ছে, তার ওপরও অনেক কিছু নির্ভর করে। কাঁচাবাজারে সবজির দাম জিজ্ঞেস করাটা স্বাভাবিক। গাউছিয়া থেকে কেনা থ্রিপিসের দাম জানাও হয়তো খুব সাধারণ বিষয়।
কিন্তু কারও মাসিক বেতন, ব্যবসার লাভ বা পরিবারের চিকিৎসায় কত টাকা খরচ হচ্ছে, এসব অনেক বেশি ব্যক্তিগত।
বিশেষ করে কোনো পরিবারের অসুস্থতা বা আর্থিক সংকটের সময়ে সরাসরি খরচের হিসাব জানতে চাওয়া সংবেদনশীল হতে পারে। তবে ঘনিষ্ঠ সম্পর্কের ক্ষেত্রে একই প্রশ্নের অর্থ আবার ভিন্ন হতে পারে। সেখানে প্রশ্নটি কৌতূহল নয়, সহযোগিতা বা খোঁজ নেওয়ার অংশও হতে পারে।
পরিস্থিতি বুঝে কথা বলাও পারিবারিক শিক্ষা
আর্থিক বিষয় নিয়ে মানুষের স্বাচ্ছন্দ্যও একরকম নয়। কেউ নিজের বেতন, বাড়ির খরচ বা কেনাকাটার দাম নিয়ে খোলামেলা কথা বলতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। আবার কেউ এসব তথ্য একান্ত ব্যক্তিগত রাখতে চান। তাই একটি প্রশ্ন একজনের কাছে স্বাভাবিক হলেও অন্যজনের কাছে অস্বস্তিকর হতে পারে।
এখানেই প্রজন্ম ও ব্যক্তিভেদে পার্থক্য দেখা যায়। নতুন প্রজন্মের অনেকেই টাকা-পয়সা নিয়ে তুলনামূলক খোলামেলা। চাকরির বেতন, বাড়িভাড়া বা ঋণের খরচ নিয়েও তাঁরা আলোচনা করেন। তাঁদের কাছে এসব তথ্য ভাগ করে নেওয়া কখনো কখনো অন্যদের বাস্তব ধারণা পেতে সাহায্য করে। অন্যদিকে আগের প্রজন্মের অনেকেই আর্থিক বিষয়কে ব্যক্তিগত হিসেবেই দেখতে অভ্যস্ত।
তাই ‘দাম জিজ্ঞেস করা ভালো’ বা ‘খারাপ’—এভাবে এক কথায় বিষয়টি দেখার সুযোগ নেই। একই প্রশ্নের অর্থ বদলে যেতে পারে মানুষ, সম্পর্ক ও পরিস্থিতি অনুযায়ী।
কীভাবে জানতে চাইব?
দাম জিজ্ঞেস করার একটি মার্জিত উপায় রয়েছে। সবচেয়ে ভালো হলো প্রশ্নের শুরুতেই আসল উদ্দেশ্য পরিষ্কার করা। আপনি হাসিমুখে কারণটি বলতে পারেন। বলতে পারেন, ‘আমিও এমন একটি চেয়ার কিনব ভাবছি। কিছু মনে না করলে বলবেন, চেয়ারটা কিনতে কেমন খরচ হয়েছে?’
এভাবে বললে সামনের মানুষটি বুঝতে পারেন, কেন আপনি জানতে চাইছেন। একই সঙ্গে তাঁর উত্তর দেওয়ার স্বাধীনতাও থাকে। তিনি চাইলে দাম বলতে পারেন, আবার না বললেও সেটি মেনে নেওয়ার সুযোগ থাকে।
এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, উত্তর না দেওয়ার অধিকারও যার কাছে প্রশ্ন করা হচ্ছে, তাঁর আছে। কেউ হয়তো দাম বলতে চাইলেন না বা অস্পষ্ট উত্তর দিলেন। তখন বারবার জানতে চাওয়ার বদলে বিষয়টি সেখানেই শেষ করা উচিত।
টাকা-পয়সা ব্যক্তিগত বিষয়। তবে পারস্পরিক সাহায্যের স্বার্থে দাম নিয়ে খোলামেলা হওয়াও মোটেও খারাপ নয়। একই সঙ্গে অন্যের ব্যক্তিগত সীমারেখার প্রতিও সম্মান থাকা দরকার। দাম জানতে চাওয়ার ভদ্রতা আসলে প্রশ্ন করার মধ্যে যতটা, উত্তর না পেলেও সেটি মেনে নেওয়ার মধ্যেও ততটাই।
• রিডার্স ডাইজেস্ট অবলম্বনে
.png)











