
ইরান কখনো মাথা নত করবে না বা কারও কাছে হাঁটু গেড়ে বসবে না বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। তিনি বিশ্বের দেশগুলোকে একসঙ্গে কাজ করে ‘সত্যিকারের শান্তি ও স্থিতিশীলতা’ প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে তিনি এ আহ্বান জানান।
পেজেশকিয়ান বলেন, নিষেধাজ্ঞা ও বাড়তি চাপের মুখে ইরানি জনগণের প্রতিরোধ আরও বাড়বে।
গতকাল জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষণের প্রসঙ্গ টেনে ইরানের প্রেসিডেন্ট বলেন, ট্রাম্পকে অবশ্যই জানতে হবে, এসব চাপ ইরানি জনগণের প্রতিরোধকে আরও শক্তিশালী করবে।
পেজেশকিয়ান বলেন, ক্ষমতাহীন একটি বিশ্ব বিপজ্জনক। কিন্তু যে বিশ্ব শুধু যুদ্ধের ভাষা বোঝে, সেই বিশ্বও নিরাপদ হবে না।
বিশ্বনেতাদের উদ্দেশে তিনি বলেন, এমন একটি বিশ্ব তৈরি করা উচিত নয়, যেখানে সামরিক শক্তি বৈধতার জায়গা দখল করবে, সন্ত্রাসবাদ রাজনীতি ও আলোচনার জায়গা নেবে এবং যুদ্ধ সংলাপ ও কূটনীতির বিকল্প হয়ে উঠবে।
ইরানের প্রেসিডেন্ট শান্তির লক্ষ্যে বিশ্বের দেশগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, ইরান দুর্বলতার কারণে নয়, নিজেদের শক্তি ও দৃঢ়তার ওপর গভীর বিশ্বাস থেকে বিশ্বের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে।
পেজেশকিয়ান বলেন, এই অঞ্চলের কেউ একা নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না। তাঁর ভাষায়, হয় আমরা একসঙ্গে এটি গড়ে তুলব, অথবা আমাদের একসঙ্গেই নিরাপত্তাহীনতার মধ্যে বসবাস করতে হবে।
তিনি আরও বলেন, ইরান এমন একটি মর্যাদাপূর্ণ ভবিষ্যৎ চায়, যেখানে নিরাপত্তা, ন্যায্যতা, ন্যায়বিচার ও মানবিক মর্যাদা সব মানুষের অবিচ্ছেদ্য অধিকার হিসেবে প্রতিষ্ঠিত হবে।
সূত্র: সিএনএন
.png)






