৪৪ বছরের মধ্যে তলানিতে যুক্তরাষ্ট্রের তেলের মজুত

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬, ২৩: ৩৮
ওকলাহোমার কুশিংয়ে যুক্তরাষ্ট্রের কৌশলগত তেলের মজুতের সংরক্ষণ ট্যাংক। ছবি: রয়টার্স
ওকলাহোমার কুশিংয়ে যুক্তরাষ্ট্রের কৌশলগত তেলের মজুতের সংরক্ষণ ট্যাংক। ছবি: রয়টার্স

১৯৮২ সালের পর গত ৪৪ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের কৌশলগত তেলের মজুত। যুক্তরাষ্ট্রের জ্বালানি বিভাগের তথ্য অনুযায়ী, চলতি সপ্তাহে ২৯ কোটি ব্যারেলের নিচে নেমে এসেছে এই মজুত। ইরান যুদ্ধে মধ্যপ্রাচ্যে সরবরাহ সংকটের মধ্যে গত কয়েক মাস ধরেই মজুত থেকে তেল ছাড়ছে ওয়াশিংটন।

মার্কিন জ্বালানি বিভাগের তথ্য অনুযায়ী, গত ২১ আগস্ট পর্যন্ত দেশটির কৌশলগত তেলের মজুত ছিল ২৮ কোটি ৯৭ লাখ ব্যারেল। আগের সপ্তাহে এর পরিমাণ ছিল ২৯ কোটি ৩৪ লাখ ব্যারেল। এক সপ্তাহে মজুত কমেছে প্রায় ৩৭ লাখ ব্যারেল।

এর আগে ১৯৮২ সালের নভেম্বরে যুক্তরাষ্ট্রের কৌশলগত তেলের মজুত ২৮ কোটি ৮২ লাখ ব্যারেলে নেমেছিল। এরপর গত ৪৪ বছরে জরুরি পরিস্থিতির জন্য সংরক্ষিত তেল ভাণ্ডারের মজুত আর কখনো এত নিচে নামেনি।

যুক্তরাষ্ট্রের বর্তমান মজুতে ৯ কোটি ৮৭ লাখ ব্যারেল কম সালফারযুক্ত অপরিশোধিত তেল এবং ১৯ কোটি ১০ লাখ ব্যারেল বেশি সালফারযুক্ত অপরিশোধিত তেল রয়েছে। ৭১ কোটি ৪০ লাখ ব্যারেল ধারণক্ষমতার তুলনায় বর্তমানে মজুত রয়েছে প্রায় ৪১ শতাংশ।

ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্রের কৌশলগত তেলের মজুত ছিল ৪১ কোটি ৫৪ লাখ ব্যারেল। এরপর মজুত কমেছে ১২ কোটি ৫০ লাখ ব্যারেলের বেশি, অর্থাৎ প্রায় ৩০ শতাংশ।

মধ্যপ্রাচ্যে তেল সরবরাহে বিঘ্ন এবং হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে ইরানি বিধিনিষেধের পরিপ্রেক্ষিতে গত মার্চ মাসে জরুরি কর্মসূচির আওতায় কৌশলগত মজুত থেকে তেল ছাড়ার উদ্যোগ নেয় যুক্তরাষ্ট্র।

আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) সমন্বিত উদ্যোগের অংশ হিসেবে মজুত থেকে ১৭ কোটি ২০ লাখ ব্যারেল তেল ছাড়ার অনুমোদন দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই উদ্যোগে বৈশ্বিক বাজারে মোট ৪০ কোটি ব্যারেল তেল ও পেট্রোলিয়ামজাত পণ্য সরবরাহের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

জ্বালানি বিভাগের তথ্য অনুযায়ী, আগস্টে এখন পর্যন্ত কৌশলগত মজুত থেকে ১ কোটি ৫১ লাখ ব্যারেল তেল ছাড়া হয়েছে। জুলাইয়ে ১ কোটি ৭৪ লাখ, জুনে ৩ কোটি ৩০ লাখ এবং মে মাসে ৩ কোটি ৯৪ লাখ ব্যারেল তেল ছাড়া হয়েছিল।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত