প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে আরও কঠোর বিলের আশ্বাস মোদির, কড়া সমালোচনা রাহুলের

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

বৃহস্পতিবার রাতে পোস্ট করা ভিডিও বার্তায় নরেন্দ্র মোদি, (ডানে) রাহুল গান্ধি। সংগৃহীত ছবি
বৃহস্পতিবার রাতে পোস্ট করা ভিডিও বার্তায় নরেন্দ্র মোদি, (ডানে) রাহুল গান্ধি। সংগৃহীত ছবি

ভারতের যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) দেশব্যাপী বিক্ষোভের ডাকের মুখে ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্টের (নিট) প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে আজ শুক্রবার আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল বৃহস্পতিবার রাতে এক ভিডিও বার্তায় তিনি এ কথা জানান।

সোশ্যাল মিডিয়া এক্সে (সাবেক টুইটার) পোস্ট করা ভিডিও বার্তাটিতে নরেন্দ্র মোদি বলেন, ‘আজকের মন্ত্রিসভার বৈঠকে প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ আসছে!’ দিল্লি হাইকোর্ট এ ধরনের মামলার শুনানির জন্য দ্রুত বিচার আদালত (ফাস্ট-ট্র্যাক কোর্ট) গঠনের ঘোষণা দেওয়ার পর প্রধানমন্ত্রীর এই বার্তাটি আসে।

এদিকে নিজের এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রীর মধ্যরাতের ভিডিও বার্তার কড়া সমালোচনা করেছেন লোকসভার বিরোধীদলীয় নেতা ও কংগ্রেসের সংসদ সদস্য রাহুল গান্ধী। তিনি প্রধানমন্ত্রী মোদির উদ্দেশে বলেন, ‘শিক্ষার্থীদের মেধার অবমাননা করবেন না।’ একই সঙ্গে তিনি রাজপথ ও সংসদে বিরোধীদের তিনটি প্রধান দাবি পুনর্ব্যক্ত করেন, যার একটি হলো কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর অবিলম্বে পদত্যাগ।

রাহুল গান্ধী অভিযোগ করেন, প্রধানমন্ত্রী মূলত শিক্ষামন্ত্রীর পদত্যাগের মূল দাবিটিকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন। এই রাজনৈতিক উত্তাপের মধ্যেই ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলনে সংহতি জানিয়ে টানা ২৬ দিন ধরে চলা আমরণ অনশন গতকাল বৃহস্পতিবার ভাঙেন লাদাখের বিশিষ্ট পরিবেশকর্মী সোনম ওয়াংচুক। তারও অন্যতম দাবি ছিল শিক্ষামন্ত্রীর অপসারণ।

ভিডিও বার্তায় নরেন্দ্র মোদি বলেন, ‘বন্ধুরা, আমি জানি প্রশ্নপত্র ফাঁস কোনো সাধারণ বিষয় নয়। এটি লাখ লাখ শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। সে কারণেই প্রশ্নপত্র ফাঁসের ঘটনার পর গত আড়াই মাসে অনেক বড় বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। অপরাধীদের গ্রেপ্তার করা হয়েছে এবং তারা এখন কারাগারে রয়েছে।’

শিক্ষার্থীদের একটি বছরও যাতে নষ্ট না হয় তা নিশ্চিত করার ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘অবিলম্বে পরীক্ষাগুলো নেওয়া অত্যন্ত জরুরি ছিল। সরকার কম সময়ের মধ্যে প্রায় ২২ লাখ শিক্ষার্থীর পরীক্ষা আয়োজনের জন্য নিজেদের সবটুকু শক্তি ব্যবহার করেছে। মাত্র পাঁচ-ছয় দিন আগে, গত ১৯ জুলাই পরীক্ষার ফলাফলও ঘোষণা করা হয়েছে।’

নরেন্দ্র মোদি আরও বলেন, ‘আমরা কেবল এতেই সন্তুষ্ট থাকার মতো মানুষ নই। তাই আজ আমি বিভাগগুলোকে ফাস্ট-ট্র্যাক কোর্ট গঠনের জন্য নির্দেশনা দিয়েছি। গতকাল গভীর রাতে বিভাগগুলো আমাকে একটি খসড়া বিল দিয়েছে। ফাস্ট-ট্র্যাক কোর্ট গঠন ও অপরাধীদের কঠোর শাস্তির জন্য এই খসড়া নিয়ে আজ মন্ত্রিসভায় আলোচনা হবে।’

তিনি আরও বলেন, ‘মন্ত্রিসভার সহকর্মীদের সুনির্দিষ্ট মতামতের পর বিলটিকে চূড়ান্ত রূপ দেওয়া হবে। আগামী সোমবার থেকে যখন সংসদের দ্বিতীয় সপ্তাহের অধিবেশন শুরু হবে, তখন আমরা দ্রুত এই বিলটি পাস করার চেষ্টা করব। যারা যুবকদের ভবিষ্যৎ নষ্ট করার চেষ্টা করবে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।’

দিল্লির যন্তর মন্তরে জড়ো হওয়া আন্দোলনকারীরা দেশব্যাপী তীব্র প্রতিবাদের অংশ হিসেবে আজ শুক্রবারও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় রয়েছেন। নিট পরীক্ষার অনিয়মের অভিযোগে গত ৬ জুন থেকে শুরু হওয়া এই বিক্ষোভ গত ২৮ জুন লাদাখের বিশিষ্ট পরিবেশকর্মী সোনম ওয়াংচুক অনশন নিয়ে যোগ দেওয়ার পর আরও জোরদার হয়।

এদিকে ফাস্ট-ট্র্যাক কোর্ট গঠনের পাশাপাশি ভারতের কেন্দ্রীয় সরকার গতকাল রাতে উচ্চশিক্ষা সচিব বিনীত যোশীকে অন্য একটি মন্ত্রণালয়ে বদলি করেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নরেশ কুমার গাঙ্গওয়ারকে উচ্চশিক্ষা সচিব এবং টিকে অনিল কুমারকে স্কুল শিক্ষা সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

নতুন গঠিত এই ফাস্ট-ট্র্যাক কোর্টে পাবলিক এক্সামিনেশনস (প্রিভেনশন অব আনফেয়ার মিনস) অ্যাক্ট, ২০২৪ এবং এ সংক্রান্ত অন্যান্য মামলার বিচার হবে। এ আইনে দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড ও ১০ লাখ রুপি জরিমানার বিধান রয়েছে। দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি ডিকে উপাধ্যায় বিচার বিভাগীয় কর্মকর্তা অণু গ্রোভার বালিগাকে এই আদালতের বিশেষ সিবিআই বিচারক হিসেবে নিয়োগের নির্দেশ দিয়েছেন।

সূত্র: টাইমস নাউ, এনডিটিভি

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত