মারমারা সাগরে দুই তুর্কি জাহাজের সংঘর্ষ, ১০ নাবিকসহ একটি নিখোঁজ

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৪: ২৯
ইস্তাম্বুলে মারমারা সাগরে নোঙ্গর করে রাখা পণ্যবাহী জাহাজের কাছে বসে আছেন কয়েকজন মানুষ। ছবি: সংগৃহীত
ইস্তাম্বুলে মারমারা সাগরে নোঙ্গর করে রাখা পণ্যবাহী জাহাজের কাছে বসে আছেন কয়েকজন মানুষ। ছবি: সংগৃহীত

তুরস্কের ইস্তাম্বুলের কাছে মারমারা সাগরে দেশটির পতাকাবাহী দুটি বাণিজ্যিক জাহাজের মধ্যে সংঘর্ষ হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) ভোরে এ দুর্ঘটনার পর একটি জাহাজের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না বলে জানিয়েছে ইস্তাম্বুলের গভর্নরের কার্যালয়।

এক বিবৃতিতে বলা হয়, স্থানীয় সময় বুধবার রাত তিনটার দিকে ইস্তাম্বুলের সিলিভরি জেলার উপকূলের কাছে এ সংঘর্ষ ঘটে। তুরস্কের পতাকাবাহী আলসু জাহাজটি এজিয়ান সাগরের আলিয়াগা বন্দরের দিকে যাচ্ছিল। অন্য জাহাজ তুগবের্ক ইমামোগলু যাচ্ছিল কৃষ্ণসাগরের কারাদেনিজেরেগলি বন্দরের দিকে।

খবর পেয়ে ঘটনাস্থলে উপকূলরক্ষী বাহিনীর জাহাজ ও হেলিকপ্টার পাঠানো হয়। গভর্নরের কার্যালয় জানিয়েছে, আলসু জাহাজটিতে দৃশ্যমান কোনো ক্ষয়ক্ষতি দেখা যায়নি। তবে তুগবের্ক ইমামোগলু জাহাজটির সঙ্গে কোনোভাবেই যোগাযোগ করা সম্ভব হয়নি।

জাহাজটিতে ১০ জন নাবিক ছিলেন। তাঁদের অবস্থান সম্পর্কেও এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।

ইস্তাম্বুল চেম্বার অব মেরিটাইম কমার্সের তথ্য অনুযায়ী, জেইবে দেনিজচিলিকের মালিকানাধীন তুগবের্ক ইমামোগলু একটি পণ্যবাহী জাহাজ। আর ওজপুলাথানে দেনিজ তাসিমাজিলিগির মালিকানাধীন আলসু একটি রাসায়নিক পণ্যবাহী ট্যাংকার।

দুর্ঘটনার পর নিখোঁজ জাহাজ ও এর নাবিকদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে বলে জানিয়েছে গভর্নরের কার্যালয়।

সূত্র: রয়টার্স

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত