বাংলাদেশ প্রসঙ্গে জয়শঙ্কর

প্রতিবেশীর স্বার্থকে সম্মান জানানো উচিত ভারতের

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। সংগৃহীত ছবি
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। সংগৃহীত ছবি

প্রতিবেশীরা কেবল ভারতের স্বার্থ রক্ষা করবে এমন প্রত্যাশা বাস্তবসম্মত নয় বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বাংলাদেশসহ অন্যান্য প্রতিবেশীদের স্বার্থকে সম্মান জানানোর ওপর জোর দেন তিনি। শনিবার (২২ আগস্ট) নয়াদিল্লিতে ‘ইকোনমিক টাইমস (ইটি) ওয়ার্ল্ড লিডার্স ফোরাম’-এর অধিবেশনে এসব কথা বলেন জয়শঙ্কর।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে সৃষ্ট উত্তেজনার প্রেক্ষাপটে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে অনিশ্চয়তা সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জয়শঙ্কর বলেন, ‘যেকোনো সম্পর্ক কার্যকর হতে হলে তা পারস্পরিক স্বার্থের পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। আমাদের ও তাঁদের দুজনের স্বার্থের জন্যই কাজ করতে হবে। আমি বাস্তববাদী এবং আশা করি না, প্রতিবেশীরা কেবল আমার স্বার্থ রক্ষার্থেই কাজ করবে। আমার উচিত তাদের স্বার্থকে সম্মান জানানো। তাদের কাছ থেকেও আমি একই রকম আচরণ প্রত্যাশা করি।’

জয়শঙ্কর আরও বলেন, যখন দুই পক্ষ অভিন্ন সমাধানে বা ‘কমন গ্রাউন্ড’-এ পৌঁছায়, তখন সম্পর্ক স্বাভাবিকভাবে এগোয়।

প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফর এবং বিমসটেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে আগামী ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছে ভারত। তবে শেখ হাসিনার ভারতে অবস্থানকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্কের টানাপোড়েনে এই সফর নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

একই ফোরামে চীন প্রসঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জানান, আগামী মাসে হতে যাওয়া এসসিও ও ব্রিকস শীর্ষ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন চীনের প্রেসিডেন্ট সি চিনপিং। ২০১৯ সালের পর এটিই হতে যাচ্ছে সি চিনপিংয়ের প্রথম ভারত সফর।

জয়শঙ্কর বলেন, ভারতের উচিত চীনসহ পুরো বিশ্বের সঙ্গেই বাণিজ্য বজায় রাখা। অন্যদিকে পাকিস্তানের বিষয়ে জয়শঙ্কর বলেন, সংলাপ এবং সন্ত্রাসবাদ কখনোই একসঙ্গে চলতে পারে না। সরকার কোনোভাবেই দেশের অভ্যন্তরীণ জনমতকে উপেক্ষা করতে পারে না।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত

প্রতিবেশীর স্বার্থকে সম্মান জানানো উচিত ভারতের