খুলনায় যাত্রীবেশে উঠে ভ্যানচালককে গলা কেটে হত্যা

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
খুলনা

প্রকাশ : ০৫ জুলাই ২০২৬, ১৪: ২৪
হত্যাকাণ্ডের প্রতীকী ছবি। সংগৃহীত
হত্যাকাণ্ডের প্রতীকী ছবি। সংগৃহীত

খুলনার দিঘলিয়ায় সমির ভট্ট (৪০) নামে এক ভ্যানচালককে গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার (৪ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার গাজীরহাট ইউনিয়নের মোল্লাডাঙা এলাকায় ওই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছেন মাঝিরগাতী পুলিশ ফাঁড়ি ইনচার্জ উপপরিদর্শক (এসআই) জামিল।

সমির ভট্ট দিঘলিয়ার গাজীরহাট ইউনিয়নের কেটলা গ্রামের রবিন ভট্টের ছেলে।

পুলিশ জানায়, শনিবার রাত ৯টার দিকে সমির যাত্রী নিয়ে মোল্লাডাঙা সড়ক দিয়ে বারাসাতের দিকে যাচ্ছিলেন। পথে যাত্রীবেশী দুর্বৃত্তরা ধারাল অস্ত্র দিয়ে তার গলা কেটে রাস্তায় ফেলে যায়। এ সময় সমিরের শব্দ শুনে লোকজন গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। এর কিছুক্ষণের মধ্যে তিনি মারা যান।

ঘটনাস্থলের কিছুদূর থেকে তার ভ্যানটি পাওয়া যায়। হত্যা করে দুর্বৃত্তরা তার ভ্যানটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

দিঘলিয়া থানার ওসি মো. শাহ আলম বলেন, স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে সমির নামে এক ভ্যানচালকের মরদেহ পড়ে থাকার খবর পান তারা। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে সাম্প্রতিক সময়ে খুলনায় সন্ত্রাসী গোষ্ঠীর তৎপরতা বেড়েছে। এতে আইনশৃঙ্খলার অবনতিতে উদ্বিগ্ন নাগরিকেরা। গত শুক্রবার সন্ধ্যায় খুলনা নগরের রূপসা নতুন বাজার বেড়িবাঁধ এলাকায় দশম শ্রেণির এক ছাত্রীর গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটে। তার আগের দিন বৃহস্পতিবার রাতে খুলনার রূপসার জাবুসায় প্রতিপক্ষের হামলায় হাসান শেখ ওরফে বিহারী হাসান নামের এক ব্যক্তি উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মারা যান।

গত ২ জুলাই নগরের লবণচরা থানার আশীবিঘা বালুর মাঠ এলাকায় দুর্বৃত্তদের গুলিতে রাতুল শেখ নামের এক তরুণ আহত হন। তার আগে ২৯ জুন রাতে নগরের গল্লামারী এলাকায় দুর্বৃত্তদের গুলিতে রফিকুল ইসলাম নামের এক ব্যক্তি আহত হন।

পুলিশের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের আগস্ট থেকে এখন পর্যন্ত ২৩ মাসে ৮৯টি হত্যাকাণ্ড ঘটেছে। চলতি বছরের প্রথম ছয় মাসে হত্যাকাণ্ড ঘটেছে ১৯টি। এর মধ্যে ৩৪টি হত্যাকাণ্ডের সঙ্গে বিভিন্ন সন্ত্রাসী দল জড়িত বলে পুলিশের তথ্যে উঠে এসেছে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত