সংবিধান সংশোধন কমিটি/চিফ হুইপ বললেন বিরোধীদল অংশ নেবে, তাহেরের নাকচ

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

স্ট্রিম গ্রাফিক
স্ট্রিম গ্রাফিক

সংবিধান সংশোধন কমিটিতে বিরোধীদল অংশ নেবে বলে দাবি করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তবে তার এ দাবি নাকচ করেছেন বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

রোববার (৩০ আগস্ট) জাতীয় সংসদে সংসদীয় স্থায়ী কমিটির গঠন ও পুনর্গঠনের আলোচনার শুরুতে এ নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য দেন তারা।

স্পিকারের দায়িত্বে থাকা ডেপুটি স্পিকার কায়সার কামাল কমিটি গঠন-পুনর্গঠনের আহ্বান জানালে নিজ আসনে দাঁড়ান চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তাঁকে মাইক দিলে তিনি বলেন, ‘সংবিধান সংশোধন কমিটিতে আসার জন্য আমরা আগে বিরোধীদলকে আহ্বান জানিয়েছিলাম। তখন তাঁরা কিছুটা নমনীয় ছিলেন। কিন্তু আজকে বলেছেন, তাঁরা সংবিধান সংশোধন কমিটিতে থাকবেন।’

স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ অনুযায়ী সংসদ সদস্যদের সংখ্যার অনুপাতে বিরোধীদল ২৬ শতাংশ বা ১০টি সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি পদ পাওয়ার কথা। বিরোধীদলের সঙ্গে এ বিষয়ে সমঝোতা হয়েছে বলে জানান নুরুল ইসলাম মনি। এ কারণে আজকের মতো কমিটি গঠন স্থগিত রাখার অনুমতি চেয়ে বিরোধীদলীয় উপনেতাকে ফ্লোর দেওয়ার অনুরোধ জানান চিফ হুইপ। এতে সম্মত হন ডেপুটি স্পিকার।

তবে বক্তব্য দিতে দাঁড়িয়ে চিফ হুইপের দাবিকে সরাসরি নাকচ করেন বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, ‘তিনি হয়তো ভুল বুঝেছেন। আমি এ ধরনের কোনো কথা বলিনি।’

তাহের বলেন, সংসদের স্থায়ী কমিটিতে সংসদ সদস্য সংখ্যার ভিত্তিতে বিরোধী দলের ২৬ শতাংশ সদস্য থাকার বিষয়ে আগে একমত হয়েছিল দুই পক্ষ। সেই হিসাবে ২৬ শতাংশ কমিটির সভাপতির পদও পাওয়ার কথা বিরোধীদলের। কিন্তু ঘোষিত কমিটিগুলোর কোনোটিতেই বিরোধীদলের কাউকে সভাপতি করা হয়নি।

তিনি বলেন, ‘সেজন্য আমি চিফ হুইপকে বলেছিলাম, এ বিষয়টা আমরা আরেকটু আলোচনা করি, এরপর এগুলো যেন চূড়ান্ত হয়। কিন্তু উনি বললেন যে, আমরা সংবিধান সংশোধন কমিটিতে যাব। তিনি হয়তো ভুল বুঝেছেন। আমি এ ধরনের কোনো কথা বলিনি।’

তাহের আরও বলেন, ‘উনি আলাপের এক পর্যায়ে বলেছিলেন, আপনারা এটাতে আসেন, আমরা সভাপতি দেব। কিন্তু একটার সঙ্গে তো আরেকটা সম্পৃক্ত হতে পারে না।’

এর জবাবে চিফ হুইপ বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য সংবিধান সংশোধনের বিষয়ে প্রথম দিন থেকেই আলোচনা চলছে। বিরোধীদলের আশ্বাসের ভিত্তিতেই সংবিধান সংশোধন কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

নুরুল ইসলাম মনি বলেন, ‘এরপর যখন ওনারা চূড়ান্তভাবে বললেন যে তাঁরা সংবিধান সংশোধন কমিটিতে থাকবেন না, তখন আমরা আমাদের ১২ জনের নাম ঘোষণা করি। ওনাদের পাঁচজনের নাম বাকি আছে। ওনারা যখন বলবেন, তখনই যুক্ত হতে পারবেন।’

চিফ হুইপ বলেন, বিরোধীদলীয় উপনেতার সঙ্গে কিছুক্ষণ আগে তার কথা হয়েছে। সেখানে স্থায়ী কমিটির সভাপতির পদ নিয়ে আলোচনা হয়েছে।

তিনি বলেন, ‘আমি বলেছি, বিগত দিনে এটার কোনো রেওয়াজ নেই। আমরা সেটা দেব না। আমি আরও বলেছি, আমরা জুলাই সনদ বাস্তবায়ন করতে চাই। আপনারাও চান। সমস্যা হলো, আমরা বলছি সংশোধন, আপনারা বলছেন সংস্কার। এই দুইটা শব্দের পার্থক্য।’

নুরুল ইসলাম মনি বলেন, এ বিষয়ে আলোচনার জন্যই বিরোধীদলকে সংবিধান সংশোধন কমিটিতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

তিনি বলেন, ‘আমি বিরোধীদলীয় উপনেতার কথা বিশ্বাস করে আজকে বলেছি, আমি গঠনটা আজকে করব না। আপনাদের নিয়ে করব। আপনারা সংবিধান সংশোধন কমিটিতে থাকবেন। উনি বলছেন, হ্যাঁ। এখন হ্যাঁ বলে যদি এখানে না বলেন, তাহলে আমি তো বিব্রতকর পরিস্থিতিতে পরে যাই।’

চিফ হুইপ আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়ন হলে স্থায়ী কমিটির ১০টি সভাপতির পদ বিরোধী দলকে দেওয়ার বিষয়ে তারা প্রতিশ্রুতিবদ্ধ। তবে এজন্য সংবিধান সংশোধনের প্রক্রিয়া শুরু করতে হবে।

তিনি বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধনের প্রক্রিয়া শুরু করতে হবে। কিছুই করলাম না, আমি দেব কীভাবে? এজন্য আমরা বলেছিলাম, আপনারা আসেন, এগুলোতে আপনারা পার্টিসিপেট করেন।’

এরপর আবার দাঁড়িয়ে বিরোধীদলীয় উপনেতা তাহের বলেন, সংবিধান সংশোধন কমিটিতে অংশ নেওয়ার বিষয়ে তাদের নীতিগত সিদ্ধান্ত অপরিবর্তিত রয়েছে। তিনি বলেন, ‘আমাদের প্রিন্সিপাল সিদ্ধান্ত হচ্ছে, সরকারের যে সংবিধান সংশোধন কমিটি রয়েছে, সে কমিটিতে আমরা পার্টিসিপেট করব না।’

তাহের বলেন, ‘আমাদের যেহেতু টেলিফোনে কথা হয়েছে, উনি হয়তো ভুল বুঝেছেন। আমি সংসদে ক্লিয়ার করতে চাই, একটা কমিটিতে জয়েন করার জন্য আরেক কমিটির বিষয়ে আমাদের ওপর যে শর্ত আরোপ করা হয়েছে, এটা আমরা সঠিক বলে মনে করি না।’

তিনি আরও বলেন, ‘আমি মনে করি, যেহেতু ২৬ শতাংশ সদস্যের পদ আমরা পাচ্ছি, সেহেতু ২৬ শতাংশ সভাপতির পদও আমাদের পাওয়ার অধিকার রয়েছে।’

পরে দাঁড়িয়ে ফ্লোর নেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, বিরোধীদলকে সংবিধান সংশোধন কমিটিতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের অংশ হিসেবে।

তিনি বলেন, ‘আমাদের চিফ হুইপ আহ্বান জানিয়েছেন, আসুন, সংবিধান সংশোধন কমিটিতে আপনারা অংশগ্রহণ করুন। আমরা জুলাই সনদ বাস্তবায়ন শুরু করব। সে অনুযায়ী আপনাদের সভাপতির পদগুলো দেই।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চিফ হুইপ মনে করেছিলেন বিরোধীদলীয় উপনেতা এতে সম্মতি দিয়েছেন। এখন যেহেতু তারা সম্মত হননি, তাই বিধি অনুযায়ী স্থায়ী কমিটি গঠন করতে হবে।

তিনি বলেন, ‘এখন আপনাদের তো সহযোগিতার হাত বাড়াতে হবে। আপনারা সংবিধান সংশোধন কমিটিতে আসুন। আপনাদের কথাও রেকর্ড হবে।’

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আপনারা যখন আসবেন, তখন থেকেই জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের কাজ শুরু হবে। তার আগ পর্যন্ত বিদ্যমান বিধান অনুযায়ীই আমাদের যেতে হবে এবং আমরা সেভাবেই যাচ্ছি।’

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত