চাঁদা দাবির মামলায় বিএনপি ও অঙ্গ সংগঠনের ৪ নেতা জেলে

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
পিরোজপুর

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬, ২১: ৪২
গ্রেপ্তারের প্রতীকী ছবি
গ্রেপ্তারের প্রতীকী ছবি

চাঁদা দাবি এবং না পেয়ে সম্পদ নষ্টের মামলায় পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের চার নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার (৩০ আগস্ট) তাদের গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছিল পুলিশ।

গ্রেপ্তাররা হলেন– কদমতলা ইউনিয়ন বিএনপি সভাপতি সালাম শেখ (৫২), ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হাসিব শেখ (২৭), ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক রাজু শেখ (৩২) এবং সাবেক সভাপতি আশরাফুল। তাদের মধ্যে সালাম শেখকে রাজধানী থেকে এবং অপর তিনজনকে কদমতলা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

একই দিন পিরোজপুর সদর থানায় তাদের বিরুদ্ধে মামলাটি করেন শহরের কুমারখালী এলাকার জাকির হোসেন। এজাহারে তিনি উল্লেখ করেন, কদমতলা গ্রামে বিদ্যুতের সাবস্টেশন নির্মাণের ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে সম্প্রতি বালু ভরাটের চুক্তি করেন জাকির। গত ১৩ আগস্ট থেকে তিনি সেখানে বালু ফেলার কাজ শুরু করেন। এরপর সালাম শেখ তাকে ওই কাজের অংশীদার করতে চাপ দেন। তিনি রাজি না হলে প্রতি সিএফটি বালুর জন্য এক টাকা করে চাঁদা দাবি করেন।

মামলায় আরও উল্লেখ করা হয়, জাকির চাঁদা না দেওয়ায় সম্প্রতি সালাম শেখ ও তার সহযোগীরা কদমতলা থেকে ঘ্যানসা পর্যন্ত প্রায় এক কিলোমিটার বালু পরিবহনের পাইপ ক্ষতিগ্রস্ত করেন। এতে তার আনুমানিক দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, মামলায় ছয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও চার থেকে পাঁচজনকে আসামি করা হয়েছে। এ মামলায় গ্রেপ্তার চারজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত