রাজধানীতে টাকা লেনদেন নিয়ে বিরোধে যুবককে হত্যা
স্ট্রিম প্রতিবেদকঢাকা

রাজধানীর মিরপুরের শাহ আলী থানা এলাকায় ছুরিকাঘাতে মেহেদী হাসান (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। সোমবার (৭ সেপ্টেম্বর) রাত পৌনে একটার দিকে শাহ আলী মহিলা কলেজের সামনে এ ঘটনা ঘটে।
মেহেদী চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার মোহাম্মদ আলমের ছেলে। তিনি মিরপুরের শাহ আলী এলাকায় থাকতেন।
শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম স্ট্রিমকে জানান, টাকা-পয়সার লেনদেন নিয়ে মেহেদীর সঙ্গে মাহবুব নামের এক ব্যক্তির কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মাহবুব তাঁর সঙ্গে থাকা ছুরি দিয়ে মেহেদীকে আঘাত করেন। ঘটনাস্থলের কাছেই থাকা পুলিশ সদস্যরা হইচই শুনে সেখানে এগিয়ে যান। গুরুতর অবস্থায় মেহেদীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ছয়টার দিকে তাঁর মৃত্যু হয়।
ওসি জানান, মেহেদীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে মাহবুবকে ধরে ফেলেন। ছুরিসহ তাকে আটক করে থানায় নেওয়া হয়। তাঁর বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান মেহেদীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে।
.png)






