নোয়াখালীতে গায়ে হলুদের অনুষ্ঠানে যাওয়ার পথে গুলিতে আহত ৫

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
নোয়াখালী

নোয়াখালীর বেগমগঞ্জে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে আহত কয়েকজন। স্ট্রিম গ্রাফিকস

নোয়াখালীর বেগমগঞ্জে একটি গায়ে হলুদের অনুষ্ঠানের যাওয়ার পথে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে পাঁচজন আহত হয়েছেন। গতকাল সোমবার (১৭ আগস্ট) রাত ১১টার দিকে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের মৌশাকপুর গ্রামের গাজীটোলা এলাকায় এ ঘটনা ঘটে।

এতে আহতরা হলেন নজরুল ইসলাম শান্ত, মারুফ আহাম্মেদ, জসিম উদ্দিন, সাকিব হোসেন ও বাবলু। তাদের উদ্ধার করে নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্র জানা গেছে, স্থানীয় বাসিন্দা হারুন ও রায়হানের দুজনের মধ্যে পূর্ববিরোধ চলছি। এর জেরে গতকাল গুলির ঘটনা ঘটে। তাদের প্রতিপক্ষের লোকজন ভেবেই হারুন ও তার লোকজন গুলি চালিয়েছে বলে তারা মনে করেন।

গুলিবিদ্ধ নজরুল ইসলাম শান্ত জানান, তিনটি মোটরসাইকেল, দুটি সিএনজিচালিত অটোরিকশায় কয়েকজন নারীসহ তারা একটি বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে ভিডিও ধারণ করতে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে তাদের মোটরসাইকেল লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়া হয়। এতে তারা মোটরসাইকেল থেকে সড়কে পড়ে যান। তাদের সঙ্গে থাকা পাঁচজন আহত হন।

নজরুল ইসলাম দাবি করেন, হামলাকারীদের মধ্যে স্থানীয় হারুন ও পিচ্চি রিয়াদকে চিনতে পেরেছেন তিনি। তবে অভিযোগের বিষয়ে জানতে হারুন ও পিচ্চি রিয়াদের মোবাইল ফোনে একাধিক কল করেও বন্ধ পাওয়া যায়।

বেগমগঞ্জ থানার ওসি মো. শামসুজ্জামান বলেন, মোটরসাইকেল আরোহীদের পিছন থেকে গুলি করা হলে তিনজন ছররা গুলিতে আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিষয়:

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত

নোয়াখালীতে গায়ে হলুদের অনুষ্ঠানে যাওয়ার পথে গুলিতে আহত ৫