সেচকাজে ভূ-উপরিস্থ পানি ব্যবহারে হাজার কোটি টাকার প্রকল্প: বিএমডিএ চেয়ারম্যান

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
চাঁপাইনবাবগঞ্জ

প্রকাশ : ২২ আগস্ট ২০২৬, ১৭: ২৭
বিএমডিএর বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র পরিদর্শন করছেন চেয়ারম্যান হাসান জাফির তুহিন। স্ট্রিম ছবি
বিএমডিএর বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র পরিদর্শন করছেন চেয়ারম্যান হাসান জাফির তুহিন। স্ট্রিম ছবি

দেশের বরেন্দ্র এলাকায় খালে পানি সংরক্ষণের উদ্যোগ নিয়েছে সরকার। সেচকাজে ভূ-উপরিস্থ পানির ব্যবহার বাড়াতে চাঁপাইনবাবগঞ্জে প্রায় এক হাজার কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্পের পরিকল্পনা নেওয়া হয়েছে। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) চেয়ারম্যান হাসান জাফির তুহিন এ কথা জানিয়েছেন।

শনিবার (২২ আগস্ট) দুপুরে বিএমডিএর বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র পরিদর্শন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন।

হাসান জাফির তুহিন জানান, বরেন্দ্র অঞ্চলে ধীরে ধীরে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে। সরকার ভূ-উপরিস্থ পানি ব্যবহারে গুরুত্ব দিচ্ছে। এর অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে মহানন্দা নদী থেকে পানি তুলে খালে ফেলার পর তা আবার সেচের কাজে ব্যবহারের পরিকল্পনা নেওয়া হয়েছে। এতে প্রায় এক হাজার কোটি টাকা ব্যয় হবে।

বিএমডিএ চেয়ারম্যান জানান, প্রকল্পটি বাস্তবায়িত হলে চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁর কয়েকটি উপজেলার কৃষকেরা উপকৃত হবেন। কৃষকদের কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী প্রকল্পটি বাস্তবায়নে প্রাথমিকভাবে সম্মতি দিয়েছেন। আশা করা হচ্ছে, আগামী অর্থবছর থেকেই এর কার্যক্রম শুরু হবে।

চেয়ারম্যান আরও জানান, আগামী ১০ বছরের মধ্যে বরেন্দ্র অঞ্চলে সেচকাজে বিদ্যুতের ব্যবহার বন্ধ করা হবে। সৌরবিদ্যুৎ ব্যবহার করে বরেন্দ্র অঞ্চলের ১ হাজার ৭০০টি পাম্প চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এতে বিদ্যুতের ওপর নির্ভরতা কমবে।

তিনি জানান, নদী ও খালে বর্ষার পানি সংরক্ষণ করে শুষ্ক মৌসুমে তা ব্যবহার করা হবে। এ জন্য আগামী পাঁচ বছরের মধ্যে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে।

এ সময় বিএমডিএর নির্বাহী পরিচালক মো. জাহাঙ্গীর আলম খান, রাজশাহী কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আল মামুনুর রশীদসহ বিএমডিএর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত

সেচকাজে ভূ-উপরিস্থ পানি ব্যবহারে হাজার কোটি টাকার প্রকল্প: বিএমডিএ চেয়ারম্যান