জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

ও গণভোট

ক্লিক করুন

জুলাই সনদের প্রত্যেকটি অক্ষরকে সরকার ধারণ করে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১১ মার্চ ২০২৬, ১০: ৩৫
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

শুধু জুলাই জাতীয় সনদ নয়, বিএনপি নির্বাচনী ইশতেহারে যেসব বিষয়ে জনগণের ম্যান্ডেটপ্রাপ্ত হয়েছে, সেই সব বিষয় বাস্তবায়নে সরকার অঙ্গীকারাবদ্ধ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘জুলাই জাতীয় সনদের প্রত্যেকটি শব্দ ও অক্ষরকে আমরা ধারণ করি। আমরা যা প্রতিশ্রুতি দিয়েছি, জাতির কাছে অঙ্গীকারাবদ্ধ হয়েছি এবং প্রতিশ্রুতির বাইরেও যে সমস্ত নির্বাচনি ইশতেহার প্রণয়ন করে জনগণের ম্যান্ডেট লাভ করেছি, তা বাস্তবায়ন করব।’

মঙ্গলবার (১০ মার্চ) ঢাকায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, ‘জুলাই জাতীয় সনদের প্রতি আমরা শতভাগ অঙ্গীকারবদ্ধ। এটা রাজনৈতিক সমঝোতার দলিল ও আমরা এতে সই করেছি। বরং যারা সমালোচনা করছে, তারা সই করেছে নির্বাচনের পরে।’

জুলাই জাতীয় সনদের প্রত্যেকটি প্রস্তাব যেভাবে সই হয়েছে, নোট অব ডিসেন্টসহ সেখানে বলা আছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘যারা নোট অব ডিসেন্ট দিয়েছে যে সব দফায়, সেই সব রাজনৈতিক দল যদি নির্বাচনী ইশতেহারে উল্লেখপূর্বক জনগণের ম্যান্ডেটপ্রাপ্ত হন, তাহলে সেটা তারা বাস্তবায়ন করতে পারবেন।’

চারটি রাজনৈতিক দল বিভিন্ন কারণে জুলাই সনদে সই করতে পারেনি জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পরে তাদের মধ্য থেকেও দুয়েকটি দল সই করেছে। কিন্তু যারা বেশি সমালোচনা করেছে, তারা সই করেনি। জুলাই জাতীয় সনদে নোকতা লাগানোর কিছু নেই। ওটা যা আছে, তা হয় সই করতে হবে নতুবা যদি রিজারভেশন থাকে সেক্ষেত্রে সই না করার কারণগুলো সুনির্দিষ্টভাবে বলতে হবে।’

মন্ত্রী আরও বলেন, ‘আমরা সংবিধান মেনে এ পর্যন্ত এসেছি, সংবিধান মেনে চলছি এবং সামনেও সংবিধান মেনে চলার আকাঙ্ক্ষা রয়েছে। আমরা যদি গণভোটের রায়কে সম্মান দিতে চাই, জাতীয় সংসদে আগে যেতে হবে, সেখানে আলাপ-আলোচনা করতে হবে, আইন প্রণয়ন করতে হবে, সংবিধানে সেটা অন্তর্ভুক্ত করতে হবে। তারপরে যদি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে হয়, সেটা সেখানে নির্ধারণ করা হবে, সিদ্ধান্ত হবে এবং কোন ফরমে শপথ হবে সেটা তৃতীয় তফসিলে আনতে হবে। কে শপথবাক্য পাঠ করাবেন সেটা নির্ধারিত হবে, তারপরে সেটা বিধিসম্মত হবে।’

তিনি বলেন, ‘আজকে যাদের জবরদস্তিমূলক শপথ পড়ানো হলো, যিনি জবরদস্তিমূলক শপথ পড়ালেন, সেটাতে সংবিধান রক্ষণ হয়েছে কিনা-অবশ্যই সুপ্রিম কোর্টের দেখার দায়িত্ব রয়েছে। কেননা, বিচারকরা সংবিধান সংরক্ষণের শপথ নিয়েছেন।’

অন্তর্বর্তী সরকারের আমলে ১৩৩টা অধ্যাদেশ জারি হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সংবিধানে বাধ্যবাধকতা আছে- যেদিন জাতীয় সংসদ বসবে, প্রথম সেশনেই আমাদের সাংবিধানিকভাবে এ ১৩৩টি অধ্যাদেশ উপস্থাপন করতে হবে। কিন্তু সেই ১৩৩টি অধ্যাদেশের কোনটা কীভাবে গৃহীত হবে, কোনটা সংশোধনী হবে, কোনটা ল্যাপস হয়ে যাবে, কোনটা হুবহু অনুমোদন করা হবে—সেটা জাতীয় সংসদের এখতিয়ার।‘

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘জাতীয় সংসদ সার্বভৌম, এমপিরা সার্বভৌম নয়, কিন্তু তারা সার্বভৌম প্রতীকের প্রতিনিধি। তাদের ভোট সাংবিধানিক ভোট।’

মন্ত্রী বলেন, ‘গণভোটের ভিত্তিতে যে ভোট, সেটা তো আইনের ভোট, সাংবিধানিক ক্ষমতার বাইরে। আইনের ভিত্তিতে যে ভোট তার মর্যাদা হচ্ছে সাংবিধানিক ভোটের পরে।’

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ও ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

সম্পর্কিত