সত্য-মিথ্যা যাই হোক, লিখতে পারছে সংবাদমাধ্যম: মির্জা ফখরুল

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা

‘সুবিধাবঞ্চিতদের স্বাবলম্বীকরণ প্রকল্প’-এর উদ্বোধন অনুষ্ঠানে কথা বলেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংগৃহীত ছবি

আওয়ামী লীগ আমলে সংবাদমাধ্যম লিখতেই পারত না বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বর্তমান সরকারের সময় কথা বলার সুযোগ আছে। এখন সত্য-মিথ্যা যাই হোক, সংবাদমাধ্যম লিখতে পারছে।

রোববার (৯ আগস্ট) দুপুরে রংপুর জেলা শিল্পকলা একাডেমিতে ‘সুবিধাবঞ্চিতদের স্বাবলম্বীকরণ প্রকল্প’-এর উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন মির্জা ফখরুল। যুক্তরাষ্ট্রভিত্তিক চ্যারিটি সংস্থা ‘লাভ শেয়ার বিডি’র অর্থায়নে এই প্রকল্পে ২৫ সুবিধাবঞ্চিত ব্যক্তির মধ্যে ২৫টি চা-ঘর হস্তান্তর করা হয়।

ইউটিউব ও সামাজিক মাধ্যমের তথ্যের সততা নিয়ে প্রশ্ন তুলে বিএনপি মহাসচিব বলেন, ‘সোশ্যাল মিডিয়া-ইউটিউবে যা খুশি তাই চলছে, এই চ্যালেঞ্জ মোকাবিলা করেই আমাদের এগোতে হচ্ছে।’

জামায়াতে ইসলামীর ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, ‘আমাদের একটা বিরোধী দল আছে। হাসিনা যে ভাষায় কথা বলত, এরাও ওই ভাষাতেই কথা বলতেছে—করতে দেব না, চলতে দেব না, শেষ করতে দেব না। এই সরকারের চার-পাঁচ মাসেই অনেক পরিবর্তন হয়েছে। ধ্বংসপ্রাপ্ত অর্থনীতিকে টেনে তোলা ও বিপর্যস্ত ব্যবস্থাকে ঢেলে সাজানোর চেষ্টা হচ্ছে। আমাদের হাতে চেরাগ নেই।’

বিগত ১৭ বছরের একদলীয় শাসনের অত্যাচার নিয়ে তিনি জানান, সারা দেশে ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল, ২০ হাজার মানুষকে হত্যা ও ১ হাজার ৭০০-র ওপর মানুষকে গুম করা হয়েছিল।

নতুন সরকারের উন্নয়ন উদ্যোগ তুলে ধরে মির্জা ফখরুল জানান, পঙ্গু করে রাখা বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রডাকশন কোম্পানিকে (বাপেক্স) আবার চালু করে তেল-গ্যাস অনুসন্ধানে বিদেশি টেন্ডার হয়েছে। এ ছাড়া বন্ধ থাকা মধ্যপাড়া ও বড়পুকুরিয়ার কয়লা ও পাথরের খনি পুনরায় চালু হয়েছে।

স্থানীয় সরকারমন্ত্রী আরও জানান, আমদানি খরচ ও জাহাজ ভাড়া বাড়ায় নিত্যপণ্যের দাম কিছুটা বাড়লেও এক দিনের জন্যও তেল-গ্যাসের সংকট হতে দেওয়া হয়নি।

সরকারের দেওয়া প্রতিশ্রুতি পূরণের চিত্র তুলে ধরে মন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ শুরু হয়েছে এবং ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ সম্পূর্ণ মওকুফ করা হয়েছে।

রংপুরের স্থানীয় রাজনৈতিক মনোভাব নিয়ে আক্ষেপ প্রকাশ করে তিনি বলেন, ‘রংপুরের লোকেরা সব সময় কেন পিছিয়ে পড়ে? যখন বিএনপি ক্ষমতায় আসে তখন আপনারা জাতীয় পার্টি করেন। বিএনপি ক্ষমতায় এলে আপনারা করেন জামায়াত। তাহলে কেমনে হবে?’

দেশ গড়ার কাজে জনগণের সহযোগিতা চেয়ে সরকারের দেওয়া প্রতিশ্রুতি পালনে যথাসাধ্য চেষ্টা করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মুশফিকুল ফজল আনসারী এবং লাভ শেয়ার বিডির পরিচালক জাহিদ খান।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত