শ্রদ্ধায় বীর শহীদদের স্মরণ করলেন নতুন রাষ্ট্রপতি

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
সাভার (ঢাকা)

প্রকাশ : ২২ আগস্ট ২০২৬, ১১: ৪২
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: ভিডিও থেকে নেওয়া
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: ভিডিও থেকে নেওয়া

সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২২ আগস্ট) সকাল ১০টা ২০ মিনিটে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।

এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের অসামান্য অবদানের কথা স্মরণ করে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি। পরে তিনি স্মৃতিসৌধ প্রাঙ্গণে সংরক্ষিত পরিদর্শন বইয়ে সই করেন। এরপর নবনির্বাচিত রাষ্ট্রপতি স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি গাছের চারা রোপন করেন।

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শুক্রবার (২১ আগস্ট) শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দীর্ঘ ৩৫ বছর পর নির্বাচনের মাধ্যমে বিজয়ী রাষ্ট্রপতি হিসেবে বঙ্গভবনে নতুন অধ্যায় শুরু হলো মির্জা ফখরুলের।

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে সকালে স্মৃতিসৌধ এলাকায় বিএনপি, এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়ো হন।

ধামরাই উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের দুর্দিনে ভূমিকা রেখেছেন। তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। তাঁকে স্বাগত জানাতে আমরা এসেছি।

ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত ১৭ বছর নির্যাতন-নিপীড়নের শিকার হয়েও, দলকে এক সুতোয় বেঁধে রেখেছেন। তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন, আমরা তাঁকে স্বাগত জানিয়েছি।

গত ২০ আগস্ট ২৫৫ সংসদ সদস্যের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন বিএনপির প্রার্থী ও দলের সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর প্রতিদ্বন্দ্বী ১১-দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পান ৮৮ ভোট। তালিকাভুক্ত ৩৪৯ সংসদ সদস্যের মধ্যে ভোট দেন ৩৪৩ জন।

সর্বোচ্চ সাংবিধানিক পদে নির্বাচিত হওয়ার আগে ৭৮ বছর বয়সী রাজনীতিক মির্জা ফখরুল স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০১৬ সাল থেকে তিনি বিএনপির মহাসচিব; তার আগে পাঁচ বছর ভারপ্রাপ্ত মহাসচিব ছিলেন। মির্জা ফখরুলই বিএনপির সবচেয়ে দীর্ঘকালীন মহাসচিব ছিলেন।

২০০১ সালে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন মির্জা ফখরুল। পরে সরকারে কৃষি প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। এরপরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০১৮ সালের বিতর্কিত নির্বাচনে তৎকালীন আওয়ামী লীগ সরকারের সময়ে বগুড়ার একটি আসন থেকে দ্বিতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হলেও, দলীয় সিদ্ধান্তে সংসদ সদস্যের শপথ নেননি তিনি। এরপর গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ঠাকুরগাঁও থেকে বিজয়ী হয়ে স্থানীয় সরকার মন্ত্রী হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত

শ্রদ্ধায় বীর শহীদদের স্মরণ করলেন নতুন রাষ্ট্রপতি