
ঢাকার কেরানীগঞ্জের আরশিনগর এলাকায় পূর্বশত্রুতার জেরে মো. ফরহাদ হোসেন (২৫) নামের এক ব্যবসায়ীকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ফরহাদকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে চারটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বন্ধু সাকিব জানান, ফরহাদ মাছ ও কাপড়ের ব্যবসা করতেন। দুপুরে চুল কাটানোর জন্য বসিলা ব্রিজ সংলগ্ন আরশিনগরে একটি সেলুনের সামনে তিনি দাঁড়িয়ে ছিলেন। এ সময় সাব্বিরের নেতৃত্বে সাগর, হাবিব ও আরমানসহ কয়েকজন তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে এবং পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেকে নেওয়া হয়।
নিহত ফরহাদ ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট গ্রামের ফারুক মিয়ার ছেলে। তিনি পরিবার নিয়ে আরশিনগরে বসবাস করতেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট থানা পুলিশকে বিষয়টি অবহিত করা হয়েছে।
.png)






