এশিয়ান গেমসের পর টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়ছেন জ্যোতি

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ২০: ৩৫
বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। সংগৃহীত ছবি
বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। সংগৃহীত ছবি

এশিয়ান গেমসের পর বাংলাদেশ নারী টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন নিগার সুলতানা জ্যোতি। নেতৃত্বের বাড়তি চাপ কমিয়ে ব্যাটার ও উইকেটকিপার হিসেবে নিজের খেলায় আরও মনোযোগ দিতে চান ২৯ বছর বয়সী এই ক্রিকেটার।

ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, নিজের সিদ্ধান্তের কথা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও নারী ক্রিকেট বিভাগের কর্মকর্তাদের জানিয়ে দিয়েছেন জ্যোতি। ফলে এশিয়ান গেমসই হতে যাচ্ছে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে তাঁর শেষ আসর।

২০২১ সালের শেষ দিকে সালমা খাতুনের কাছ থেকে টি-টোয়েন্টি দলের নেতৃত্ব পান জ্যোতি। তাঁর নেতৃত্বে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডকে হারিয়ে দীর্ঘ ১০ বছর পর বিশ্বকাপে জয় পায় বাংলাদেশ। চলতি বছর ইংল্যান্ডে অনুষ্ঠিত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপেও তাঁর নেতৃত্বে পাকিস্তান ও নেদারল্যান্ডসের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ। এখন পর্যন্ত জ্যোতির নেতৃত্বে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৩২ ম্যাচ জিতেছে বাংলাদেশ।

দীর্ঘদিন ধরে নেতৃত্বের দায়িত্ব পালনের পাশাপাশি ব্যাটিং ও উইকেটকিপিং সামলাতে হচ্ছে জ্যোতিকে। এতে ব্যাটিংয়ে মনোযোগ ও পারফরম্যান্সে প্রভাব পড়ার আশঙ্কা থেকেই একটি সংস্করণের নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

বিসিবির নারী ক্রিকেট বিভাগ সূত্র জানিয়েছে, জ্যোতি শুধু টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ছাড়ছেন। ওয়ানডে সংস্করণে তিনি বাংলাদেশ দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করে যাবেন।

এশিয়ান গেমসের পর টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়কের নাম ঘোষণা করবে বিসিবি। জ্যোতির উত্তরসূরি হিসেবে অভিজ্ঞ কোনো অলরাউন্ডার কিংবা তরুণ উদীয়মান ক্রিকেটারকে বেছে নেওয়া হতে পারে।

এর আগে এশিয়া কাপে ভারতের কাছে ৪০ রানে হেরে বাংলাদেশের বিদায়ের পর নারী দলের অধিনায়কত্ব নিয়ে সমালোচনা শুরু হয়। পরে এক সংবাদ সম্মেলনে বিসিবির নারী ক্রিকেট বিভাগের চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু জানিয়েছিলেন, এশিয়ান গেমসের পর অধিনায়কত্ব নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

তবে সেই সিদ্ধান্তের সময় আসার আগেই টি-টোয়েন্টির নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর কথা জানালেন জ্যোতি।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত