
বাংলাদেশ ক্রিকেটে পেস বোলিং বিপ্লবের ভিত্তি গড়ে দিয়েছিল পেসার হান্ট কর্মসূচি। তবে বিগত ৭-৮ বছর ধরে প্রতিভা অন্বেষণের এই গুরুত্বপূর্ণ কার্যক্রম বন্ধ থাকাটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ব্যর্থতা বলে মন্তব্য করেছেন বিসিবি সভাপতি ও সাবেক অধিনায়ক তামিম ইকবাল।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) মিরপুরে বিসিবি ও রবির যৌথ আয়োজনে ‘রবি বোলার হান্ট’ উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
তামিম ইকবাল বলেন, এবারের উদ্যোগকে আমরা ‘বোলার হান্ট’ নাম দিয়েছি। কেবল ফাস্ট বোলার নয় বরং লেগ স্পিনার, মিস্ট্রি স্পিনার যে কেউই এখানে আসতে পারবে।
তিনি বলেন, সিলেটে আগামী ২৭ সেপ্টেম্বর থেকে আঞ্চলিক পর্যায়ের ট্রায়াল শুরু হবে। এরপর পর্যায়ক্রমে দেশের সব বিভাগীয় শহরে হবে। ঢাকায় চূড়ান্ত পর্বসহ ২টি ট্রায়াল আয়োজন করা হবে। সব মিলিয়ে বোলার হান্ট কর্মসূচিতে মোট ৯টি ট্রায়াল অনুষ্ঠিত হবে।
আয়োজনের মেয়েদের অংশগ্রহণ এ নিয়ে তামিম ইকবাল বলেন, এবার ছেলে ও মেয়েদের জন্য আলাদা কোচিং প্যানেল থাকবে। আপনাদের বাসার মেয়েদের যদি ক্রিকেটে আগ্রহ থাকে তাহলে নির্ভয়ে মাঠে পাঠাতে পারবেন। তাদের সব দায়িত্ব বিসিবি ও রবির। এই ক্যাম্পেইনের সবচেয়ে বড় সৌন্দর্য হলো এখানে যে কেউ এসে অংশ নিতে পারবে।
ক্যাম্পেইনে বিসিবির সেরা কোচদের পাঠানো হবে জানান তিনি।
২০১৬ সালের রবি পেসার হান্ট থেকে উঠে আসা পেসার ইবাদত হোসেন বলেন, ২০১৬ সালে ফরিদপুর থেকে গিয়ে যখন লাইনে দাঁড়িয়েছিলাম। তীব্র শীতের সকালে নার্ভাস ছিলাম, বডি ওয়ার্ম আপ হচ্ছিল না। ইমরান সারোয়ার স্যার সুযোগ দেওয়ার পর প্রথমে ১৩৩ এবং ফাইনালে ১৩৯.৯ কিলোমিটার গতিতে বল করেছিলাম। সেই সুবাদেই আজ আমি জাতীয় দলকে প্রতিনিধিত্ব করছি।
তাসকিন আহমেদ বলেন, ফাস্ট বোলারদের প্রধান অস্ত্র গতি। তোমরা যদি গতি ধরে রেখে ভালো লাইন-লেংথ ও ইয়র্কার করার চেষ্টা করো, তাহলেই হয়তো আমরা ইবাদতের মতো আরও কুইক বোলার পাব।
বাংলাদেশি স্পিনার তাইজুল ইসলাম বলেন, তিনটি বল করার সুযোগ থাকলে আমি টেস্ট ক্রিকেটের উপযোগী লাইন-লেংথ, ফ্লাইট ও স্পিনের ওপর ফোকাস করে আমার সেরা ডেলিভারিগুলোই দিতাম।
স্পিনারদের ক্ষেত্রে ফোকাস গুরুত্বপূর্ণ উল্লেখ করে নাঈম হাসান বলেন, নার্ভাস না হয়ে স্পিনারদের তাদের শক্তির জায়গায় শতভাগ ফোকাস থাকা দরকার।
বিষয়:
.png)






