চাপ তৈরিতে ভারত আদানির বিদ্যুৎকেন্দ্রকে ব্যবহার করছে: রিজভী

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

রুহুল কবীর রিজভী। ফাইল ছবি
রুহুল কবীর রিজভী। ফাইল ছবি

বাংলাদেশের ওপর চাপ তৈরিতে ভারত আদানি পাওয়ারের বিদ্যুৎকেন্দ্রকে ব্যবহার করছে বলে অভিযোগ তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে ঘিরে ভারতের ভেতর ‘চক্রান্তের জাল’ তৈরি হচ্ছে বলেও মন্তব্য করেছেন তিনি।

বুধবার (১৬ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযোদ্ধা প্রজন্ম আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।

আদানির ওই কেন্দ্র থেকে মাঝেমধ্যে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হওয়া প্রসঙ্গে রিজভী বলেন, ভারতের ঝাড়খণ্ডে অবস্থিত কেন্দ্রটি থেকে বাংলাদেশে প্রায় ১ হাজার ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়।

কেন্দ্রটির নিয়ন্ত্রণ ভারত সরকারের হাতে থাকায় তারা চাইলে সরবরাহ বন্ধ বা চালু করতে পারে দাবি করে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতে ব্রিকস সম্মেলনে যাবেন না—এ সিদ্ধান্ত জানানোর পরদিনই আদানি পাওয়ারের একটি ইউনিট নষ্ট হওয়ার কথা জানানো হয়।

এই ঘটনাকে কেবল কারিগরি ত্রুটি হিসেবে দেখার সুযোগ আছে কি না, সেই প্রশ্ন তুলে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, ‘উনি (প্রধানমন্ত্রী) না যাওয়ার সিদ্ধান্ত নিলেন, তার পরের দিন ওটা নষ্ট হয়ে গেল—এই ঘটনা কী? এটা বুঝতে কি ব্যারিস্টারি পাস করতে হয়, ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি লাভ করতে হয়?’

প্রধানমন্ত্রীর ব্রিকস সম্মেলনে অংশ না নেওয়ার বিষয়ে রিজভী বলেন, কোনো স্বাধীন দেশের প্রধানমন্ত্রীকে যথাযথ রাষ্ট্রীয় মর্যাদা না দিয়ে আমন্ত্রণ জানানো হলে সেখানে গিয়ে সাইডলাইনে বসার প্রশ্ন আসে না। তাঁর দাবি, তারেক রহমানের সিদ্ধান্ত ব্যক্তিগত ইচ্ছা-অনিচ্ছার বিষয় নয়; এর মাধ্যমে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে গুরুত্ব দেওয়া হয়েছে।

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত না দেওয়া নিয়ে রিজভী বলেন, ‘শেখ হাসিনাকে কেন্দ্র করে আপনারা যে চক্রান্তের জাল তৈরি করছেন, সেটা অত্যন্ত সুস্পষ্ট।’

দেশে গ্যাস-জ্বালানি সংকট নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, বর্তমান সংকট সরকারের তৈরি নয়, আন্তর্জাতিক যুদ্ধ ও হরমুজ প্রণালির অচলাবস্থায় জ্বালানি আমদানিতে সমস্যা তৈরি হয়েছে। এলএনজি, ডিজেলসহ বিভিন্ন জ্বালানি আমদানিতে সংকটের কারণে সরকার বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহের চেষ্টা করছে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত