
এক কোটি টাকা যৌতুক দাবি করে স্ত্রীকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় কনটেন্ট ক্রিয়েটর আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
শুক্রবার (২৪ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা ভাটারা থানার উপ-পরিদর্শক ইয়াউর রহমান তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে প্রিন্স মামুনের পক্ষে তাঁর আইনজীবী জামিন চেয়ে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত এই আদেশ দেন।
শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামুনের বিরুদ্ধে মামলা করেন স্ত্রী আতিকিয়া ফাইজাহ মোহনা। মামলার পরপরই মামুনকে গ্রেপ্তার দেখান ভাটারা থানা-পুলিশ।
এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে মামুনকে রাজধানীর বসুন্ধরায় একটি বাসা থেকে পুলিশ আটক করে বলে জানায় ভাটারা থানা-পুলিশ।
মামলার এজাহার থেকে জানা যায়, বাদী মোহনা পেশায় একজন ফ্যাশন মডেল। প্রায় পাঁচ মাস আগে প্রিন্স মামুনের সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর থেকেই নানা বিষয়ে তাঁদের মনোমালিন্য চলছিল।
অভিযোগে বলা হয়েছে, মামুন অনৈতিক সম্পর্কে জড়িত ও মাদকাসক্ত। এসব বিষয়ে প্রশ্ন করলে তিনি মোহনাকে মারধর করতেন।
এজাহার আরও বলা হয়, বিয়ের পর থেকেই মামুন ব্যবসার জন্য স্ত্রীর কাছে এক কোটি টাকা যৌতুক দাবি করে আসছিলেন। যৌতুকের টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি মোহনাকে শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন।
.png)






