বাংলাদেশ থেকে ওমানে যাবে বৈদ্যুতিক বাইক, সমঝোতা স্মারক সই

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক
ঢাকা

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৩: ৩৫
ওমানে বৈদ্যুতিক মোটরসাইকেল (ইভি বাইক) রপ্তানি, প্রযুক্তি বিনিময় ও যৌথ বিনিয়োগের লক্ষ্যে দেশটির প্রতিষ্ঠান স্টার ড্রোনসের সঙ্গে সমঝোতা স্মারক সই। ছবি: সংগৃহীত
ওমানে বৈদ্যুতিক মোটরসাইকেল (ইভি বাইক) রপ্তানি, প্রযুক্তি বিনিময় ও যৌথ বিনিয়োগের লক্ষ্যে দেশটির প্রতিষ্ঠান স্টার ড্রোনসের সঙ্গে সমঝোতা স্মারক সই। ছবি: সংগৃহীত

ওমানে বৈদ্যুতিক মোটরসাইকেল (ইভি বাইক) রপ্তানি, প্রযুক্তি বিনিময় ও যৌথ বিনিয়োগের লক্ষ্যে দেশটির প্রতিষ্ঠান স্টার ড্রোনসের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে বাংলাদেশের পিটন ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

সোমবার (১৪ সেপ্টেম্বর) ঢাকায় নভোথিয়েটারে ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এর অনুষ্ঠানস্থলের লাউঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেনের উপস্থিতিতে এই দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক সই হয়।

পিটন ইন্ডাস্ট্রিজের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক শেখ ইকবাল জাহেদী এবং মডার্ন স্টার বিজনেসেস এলএলসির (স্টার ড্রোনস) প্রধান নির্বাহী কর্মকর্তা সাইদ আব্দুল গাফুর সাইফ উদ্দিন চুক্তিতে সই করেন।

মেলায় বাংলাদেশি পণ্যের মান ও তরুণ উদ্যোক্তাদের উদ্ভাবন দেখে এই যৌথ বিনিয়োগের সিদ্ধান্ত নেয় ওমানি প্রতিনিধিদল। সমঝোতা স্মারক অনুযায়ী ওমানের ফুড ডেলিভারি অ্যাপ ‘বিজ’-এর জন্য বাংলাদেশ থেকে ইভি বাইক সংগ্রহ করা হবে। এ ছাড়া রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে দুই দেশের প্রযুক্তি বিনিময় এবং পরবর্তীতে মধ্যপ্রাচ্যের বাজার ধরতে ওমানে একটি পূর্ণাঙ্গ অ্যাসেম্বলি লাইন স্থাপনের পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মো. আনোয়ার হোসেন বলেন, দেশে প্রথমবারের মতো একাডেমিয়া, দেশি-বিদেশি বিনিয়োগকারী ও উদ্যোক্তাদের নিয়ে এ মেলার আয়োজন করা হয়েছে।

চুক্তি অনুযায়ী স্টার ড্রোনস তাদের ড্রোন প্রযুক্তির সঙ্গে বাংলাদেশের তৈরি ইভি বাইক সমন্বয় করে আধুনিক ডেলিভারি নেটওয়ার্ক গড়ে তুলবে। পাশাপাশি ওমান থেকে মূলধন ও ড্রোন প্রযুক্তি এনে বাংলাদেশে স্থানীয়ভাবে বড় পরিসরে যৌথ বিনিয়োগ করা হবে।

অনুষ্ঠানে ওমান দূতাবাসের উপরাষ্ট্রদূত ফাথিয়া বিনতে আহমেদ আল বালুশি, সৌদি আরব-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এসএবিসিসিআই) সভাপতি আশরাফুল হক চৌধুরী, পিটন ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান শামসুল আলম লিটন ও ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আলী আজগর অপু উপস্থিত ছিলেন।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত