কপে জলবায়ু ক্ষতিপূরণ আদায়ে পদক্ষেপ নেবে বাংলাদেশ: পরিবেশমন্ত্রী

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
ফেনী

 ফেনীতে হাসপাতাল পরিদর্শন শেষে মতবিনিময় সভায় পরিবেশমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু। ছবি: সংগৃহীত
ফেনীতে হাসপাতাল পরিদর্শন শেষে মতবিনিময় সভায় পরিবেশমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু। ছবি: সংগৃহীত

আসন্ন জলবায়ু সম্মেলনে (কপ) ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতিপূরণ বা লস অ্যান্ড ড্যামেজ আদায়ে বাংলাদেশ জোরালো পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন পরিবেশমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় ২৫০ শয্যা ফেনী জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

পরিবেশমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বরফ গলার হার বাড়লে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়বে। এতে বাংলাদেশের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পাশাপাশি লবণাক্ততার ঝুঁকিও বাড়তে পারে।

তিনি বলেন, ‘লস অ্যান্ড ড্যামেজের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। এবারের আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে (কপ) আমরা এ বিষয়ে জোরালো পদক্ষেপ নেব।’

নেপালের সাম্প্রতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, দেশটির ঘটনার সঙ্গে জলবায়ু পরিবর্তনের সংশ্লিষ্টতা রয়েছে। নেপালে পর্বত থাকলেও বাংলাদেশে পর্বত নেই। যত বেশি বরফ গলবে, তত পানির উচ্চতা বাড়বে। এতে বাংলাদেশের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পাশাপাশি বেশি লবণাক্ত পানি ঢুকে পড়ার আশঙ্কা রয়েছে।

এর আগে মন্ত্রী ফেনী জেনারেল হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন। এ সময় চিকিৎসক, নার্স, রোগী ও তাঁদের স্বজনেরা হাসপাতালের বিভিন্ন সমস্যা ও সংকটের কথা তুলে ধরেন। মন্ত্রী তাঁদের কথা শোনেন এবং সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন, ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনু, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু, জেলা প্রশাসক মাহবুবউল করিম, জেলা সিভিল সার্জন ডা. মো. আরিফুজ্জামান এবং ২৫০ শয্যা ফেনী জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক মোবারক হোসেন দুলাল।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত