সম্পর্ক চাইলে ভারতকে সীমান্তহত্যা-পুশইন বন্ধ করতে হবে: রাশেদ খাঁন

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
ঝিনাইদহ

প্রকাশ : ২২ আগস্ট ২০২৬, ১৮: ৫৯
শনিবার দুপুরে ঝিনাইদহ জেনারেল হাসপাতালে। ছবি: সংগৃহীত
শনিবার দুপুরে ঝিনাইদহ জেনারেল হাসপাতালে। ছবি: সংগৃহীত

বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও প্রতিবেশীসুলভ সম্পর্ক চাইলে ভারতকে অবশ্যই সীমান্তহত্যা ও পুশইন বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক হবে ন্যায্যতা, সমতা ও মূল্যায়নের ভিত্তিতে।

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঝিনাইদহ জেনারেল হাসপাতালে চিকিৎসক ও নার্সদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলে তিনি।

রাশেদ খাঁন বলেন, ভারতকে মনে রাখতে হবে আওয়ামী লীগ নেই। বাংলাদেশের নেতৃত্বে এখন বিএনপি। কাজেই, বাংলাদেশের জনগণের সঙ্গে তাদের সম্পর্ক তৈরি করতে হবে।

তিনি আরও বলেন, ভারতের বর্তমান রাষ্ট্রদূত একজন প্রবীণ রাজনীতিবিদ। তিনি বলেছেন, বাংলাদেশের জনগণের সঙ্গে তাঁর দেশ সম্পর্ক স্থাপন করতে চায়। এটি অত্যন্ত প্রশংসনীয় মনোভাব। ভারত এর মধ্যে বিএনপির ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান গ্রহণ করেছে।

জামায়াত-এনসিপির সমালোচনা করে রাশেদ খাঁন বলেন, তারা বারবার বলছে, সরকার নাকি ৬ মাস রাষ্ট্র চালিয়ে ব্যর্থতার পরিচয় দিয়েছে। আমি মনে করি, ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার দেশের অর্থনীতি, স্বাস্থ্যখাতসহ সব সেক্টর ধ্বংস করে দিয়ে গেছে। সেই ভেঙে পড়া অবস্থা থেকে দেশকে প্রধানমন্ত্রী তারেক রহমান ধীরে ধীরে স্থিতিশীলতার দিকে নিয়ে যাচ্ছেন।

তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সহযোগী হিসেবে জামায়াত ও এনসিপির উচিত সরকারকে সহযোগিতা করা। তারা যদি বিরোধিতা করতেই থাকে, তাহলে তারাও এই দেশের গণতান্ত্রিক রাজনীতি থেকে ছিটকে পড়বে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত

সম্পর্ক চাইলে ভারতকে সীমান্তহত্যা-পুশইন বন্ধ করতে হবে: রাশেদ খাঁন