সাতক্ষীরায় নিষিদ্ধ কীটনাশক ও নকল সার জব্দ, জরিমানা-কারাদণ্ড
স্ট্রিম সংবাদদাতাসাতক্ষীরা
-a8f65e-480x270.webp)
সাতক্ষীরার তালায় নিষিদ্ধ কীটনাশক ও নকল সার মজুত ও বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে কারাদণ্ড ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার শুভাশিনী লাউতাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। র্যাব-৬ (এরআরবি) ও তালা উপজেলা প্রশাসন যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
অভিযানে মশিউর রহমান (৪৫) নামে ওই ব্যক্তিকে এক মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাঁকে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
র্যাব-৬ (এরআরবি) সিপিসি-১-এর কোম্পানি কমান্ডার জায়েন উদ্দিন মোহাম্মদ জিয়াদ জানান, অভিযান চালিয়ে প্রায় পাঁচ লাখ টাকা মূল্যের ১ হাজার ৫০০ কেজি অবৈধ কেমিক্যাল জব্দ করা হয়েছে। এর মধ্যে ৬০০ কেজি প্যারা কোয়াড এবং ৮৭০ কেজি জিংকসহ বিভিন্ন ভেজাল উপকরণ রয়েছে।
র্যাবের ভাষ্য, ওই এলাকায় দীর্ঘদিন ধরে মশিউর রহমান নিষিদ্ধ প্যারা কোয়াড (ঘাসনিধন ওষুধ) এবং বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের সারের নকল মোড়ক ও কৌটা ব্যবহার করে ভেজাল পণ্য বাজারজাত করে আসছিলেন।
পরে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল আফরোজ স্বর্ণা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সার ও কীটনাশক আইনে তাঁকে কারাদণ্ড ও জরিমানা করেন। জব্দ করা মালামাল পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে নেওয়া হয়েছে।
.png)
-40e58c.jpeg)





