আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত-এনসিপির লংমার্চ: রাশেদ খাঁন

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
ঝিনাইদহ

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৫: ৩৮
ঝিনাইদহে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রাশেদ খাঁন। সংগৃহীত ছবি
ঝিনাইদহে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রাশেদ খাঁন। সংগৃহীত ছবি

ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত ও এনসিপি মিলে বিএনপি সরকারের বিরুদ্ধে চক্রান্ত শুরু করেছে। তাদের ঘোষণা করা লংমার্চ এই চক্রান্তের অংশ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে ঝিনাইদহে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‍্যালি শেষে সাংবাদিকদের রাশেদ খাঁন এসব কথা বলেন।

তিনি বলেছেন, ‘আওয়ামী লীগ ও শেখ হাসিনার ডিসেম্বরে ফেরার ঘোষণা ও জামায়াত-এনসিপির লংমার্চের ঘোষণা চক্রান্তের অংশ। জামায়াত ১৯৯৬ সালের মতো আবারও আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে বিএনপির বিরুদ্ধে মাঠে নামার ষড়যন্ত্র করছে।’

সাম্প্রতিক আলোচিত ‘মক্কা চুক্তি’ প্রসঙ্গে রাশেদ খাঁন বলেন, ‘দেশের সার্বভৌমত্ব, কূটনৈতিক পলিসি, সার্বিক নিরাপত্তাসহ বিভিন্ন বিষয় মাথায় রেখে মক্কা চুক্তিতে যোগদান বিষয়ে সরকার সবকিছু বিবেচনা করেই সিদ্ধান্ত নেবে।’

ডাকসু জিএস হিসেবে নিজের পদ ফিরে পাওয়ায় রাশেদ খাঁন বলেন, ‘ওই সময় ডাকসু নির্বাচনে ভিপি পদে নুরুল হক নুর ও জিএস পদে আমি জয়লাভ করেছিলাম। কিন্তু ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের ইশারায় সেদিন আমাকে পরাজিত হিসেবে ঘোষণা করা হয়েছিল। আমাকে জিএস পদ ফিরিয়ে দেয়ার মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হাজার হাজার শিক্ষার্থীর ভোটাধিকারকে সম্মান জানিয়েছে।’

জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিদ্রোহী প্রার্থীরা ও তাদের সমর্থকরা স্থানীয় নির্বাচনের আগে দলে ফিরতে পারবে কিনা এমন প্রশ্নের জবাবে রাশেদ খাঁন বলেন, ‘জাতীয় নির্বাচনে যেসব দলীয় নেতাকর্মী ভুল করে দলের বিরুদ্ধে ভোট করেছিল, তারা ভুল স্বীকার করে ফিরতে চাইলে সেটি দলীয় হাইকমান্ড বিবেচনা করবে। তবে যারা বিদ্রোহী প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল, দলীয় প্রার্থীকে হারানোর জন্য মাঠে ছিল, তাদের বিষয়ে দল এখনো কোনো চিন্তা ভাবনা করেনি।’

এর আগে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনাসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত