১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় সমাবেশ ৫ আগস্ট

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

বৈঠক শেষে গণমাধ্যমে সঙ্গে কথা বলেন এএইচএম হামিদুর রহমান আযাদ। ছবি: সংগৃহীত

আগামী ৫ আগস্ট রাজধানীর পল্টনে কেন্দ্রীয় সমাবেশের ঘোষণা দিয়েছে ১১ দলীয় ঐক্য। বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে এই কর্মসূচির কথা জানানো হয়।

১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এএইচএম হামিদুর রহমান আযাদ জানান, জুলাই সনদ বাস্তবায়ন ও রাষ্ট্রীয় সংস্কারের দাবিতে পরবর্তী কর্মসূচি নির্ধারণে লিয়াজোঁ কমিটির বৈঠক হয়েছে। খসড়া কর্মসূচি চূড়ান্ত করতে আগামী ৩ আগস্ট শীর্ষ নেতাদের বৈঠক হবে। ৫ আগস্ট বিকেল সাড়ে ৩টায় পল্টনে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে কেন্দ্রীয় সমাবেশ হবে।

সরকারের সংস্কার নীতির সমালোচনা করে আযাদ বলেন, ‘সরকার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী রাষ্ট্রীয় সংস্কারের উদ্যোগ না নিয়ে সংবিধান সংশোধনের পথে হাঁটছে, যা জুলাই চেতনার পরিপন্থী। আমরা মনে করি, প্রকৃত সংস্কার সংবিধান সংস্কার পরিষদের মাধ্যমে হওয়া উচিত।’

দেশের বর্তমান পরিস্থিতির চিত্র তুলে ধরে তিনি আরও বলেন, দেশে আইনশৃঙ্খলার অবনতি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস সংকট, দুর্নীতি, চাঁদাবাজি, প্রশাসনের দলীয়করণ এবং সাংবিধানিক প্রতিষ্ঠানে শূন্যপদ পূরণে ব্যর্থতা জনগণের দুর্ভোগ বাড়িয়ে দিয়েছে।

এ ছাড়া হবিগঞ্জ ও সিলেটে রাজনৈতিক কর্মসূচিতে সম্প্রতি হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি। হামলাকারীদের বিচার করা না হলে সরকারের এসব জনবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর প্রতিবাদ গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন এই নেতা।

Ad 300x250

সম্পর্কিত